সাকিব-বিজয়ের পরও বৃষ্টিরই জয়

আকাশে মেঘ-রোদ্দুরের খেলা, সঙ্গে মৃদু বাতাস-উপভোগ্য এক আবহাওয়ার দেখা মিলেছিল সকালে। ছুটির দিন বলেই কিনা ফতুল্লার গ্যালারিতে দর্শকের সংখ্যা বলার মতোই। কিন্তু প্রকৃতি বোধ হয় সিদ্ধান্ত নিয়েছিল, নির্বিঘ্নে খেলা হতে দেবে না আজও। কয়েক দফা বৃষ্টি বাগড়া পেরিয়ে ফতুল্লা টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে ৪৭.৩ ওভার, ভারত রান তুলেছে ৬ উইকেটে ২২৩। বাতিল হয়েছে ৫০ ওভার। দিন শেষেও জয় তাই বৃষ্টিরই। প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেটে ৪৬২।
আবহাওয়ার যে পূর্বাভাস, তাতে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা আগামীকালও। ভারত ইনিংস ঘোষণা করেনি তৃতীয় দিনেও। মাত্র ছয় সেশন আর বাকি। এখনো ব্যাটিংয়ে নামেনি বাংলাদেশ। ম্যাচের ভবিষ্যৎ নির্ধারিত হয়েই গেল? তাতে সম্ভাব্য ফলটা ড্র-ই। জয় হবে, তবে সেটা বাংলাদেশ-কিংবা ভারতের নয়; টেস্টের প্রথম দিন থেকে সবচেয়ে ধারাবাহিক ‘খেলা’ বৃষ্টির!
প্রথম দিনে ব্যর্থ হলেও আজ সকালেই ছন্দে ফিরলেন বাংলাদেশের বোলাররা। প্রথম সেশনে শিখর ধাওয়ান, রোহিত শর্মা ও বিরাট কোহলিকে মাত্র ২৭ রানের ব্যবধানে ফিরিয়ে ভালোই ধাক্কা দিয়েছিল ভারতকে। মুরালি বিজয় ও অজিঙ্কা রাহানের চতুর্থ উইকেট জুটি অবশ্য পাল্টা জবাব দিয়েছিল। তবে দ্বিতীয় সেশনে খেলাটা আবার ধরে নেয় বাংলাদেশ। ২৯ রানের ব্যবধানে ফিরে যান বিজয়, ঋদ্ধিমান সাহা ও রাহানে। পাকিস্তান সিরিজে বল হাতে ব্যর্থ হওয়ার পর আবারও স্বরূপে সাকিব আল হাসান। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই সবচেয়ে সফল। ভারতের ছয়টির চারটিই তাঁর দখলে।
ইনিংস ঘোষণার তাড়া থেকে সকাল থেকেই হাত খুলে খেলার চেষ্টা করেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। ঝুঁকিপূর্ণ শট খেলতে গিয়ে ফিরেছেন বেশির ভাগ ব্যাটসম্যানই। আগের দিনের ১৫০ রানে অপরাজিত ব্যাটসম্যান ধাওয়ান ২৩ রান যোগ করে ফিরেছেন সাকিবের এক দুর্দান্ত বলে। তার আগে মুরালি বিজয়ের সঙ্গে বাংলাদেশের বিপক্ষে রেকর্ড ২৮৩ রানের জুটি গড়েছেন।
এর পরই ভারতীয় ব্যাটিং লাইনআপে ছোটখাটো বিপর্যয়। সাকিবের আরেকটি দুর্দান্ত বলে স্রেফ বোকা বনে রোহিত শর্মা ফিরেছেন মাত্র ৬ রানে। তবে দিনের সবচেয়ে আলোচিত আউট হওয়ার দাবি রাখে কোহলিরটি। জুবায়ের হোসেনের গুগলিটা ঠিকঠাক পড়তে না পারায় ব্যাট-প্যাড ছুঁয়ে ভারত অধিনায়ক বোল্ড হয়েছেন মাত্র ১৪ রানে।
অবশ্য এরপর বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন বিজয়-রাহানে। দ্রুত ইনিংস ঘোষণার তাগিদে বেশ মারমুখী ছিলেন দুই ভারতীয় ব্যাটসম্যান। দুজনের চতুর্থ উইকেটে আসে ১১৪ রান। ওভারপ্রতি পাঁচের ওপর রানের বেশি তোলে এ জুটি। বিজয় তুলে নেন ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। সাকিবের বলে এলবিডব্লুর শিকার হওয়ার আগে তাঁর ইনিংস থামে ১৫০ রানে। মজার ব্যাপার হচ্ছে, ধাওয়ান যখন ১৫০ রান করলেন তখনো বৃষ্টি হানা দিয়েছিল। বৃষ্টি এল বিজয়ের ১৫০ রান করার পরও!
বৃষ্টি বাগড়া দিল ক্ষণে ক্ষণেই। প্রথম দফা খেলা বন্ধ হলো লাঞ্চের পর। প্রায় এক ঘণ্টা ১০ মিনিট বিরতির পর শুরু হলেও চলল না বেশিক্ষণ। মাত্র চার ওভার পর আবারও বৃষ্টি। ভারী বৃষ্টির পর আবারও খেলা শুরু হলেও এ পর্বও খুব বেশিদূর এগোল না। ছয় ওভার মতো খেলা হয়ে আবারও বৃষ্টি। ভারতের শেষ তিনটি উইকেট পড়েছে এই ছয় ওভারেই। এর মধ্যে রয়েছে রাহানের গুরুত্বপূর্ণ উইকেটটি। সাকিবের বলে বোল্ড হওয়ার আগে মাত্র দুই রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন রাহানে। টেস্ট ক্যারিয়ারে এ দিয়ে দুবার নড়বড়ে নব্বইয়ে কাটা পড়লেন। এর আগে ৯৮ রানে বোল্ড হয়ে ফিরেছিলেন ২০১৩ সালে, ডারবান টেস্টে। রাহানে ১৫ টেস্টে দুবার বোল্ড হয়েছেন। দুবারই নব্বইয়ের ঘরে গিয়ে!
একটা পর্যায়ে ধারণা করা হচ্ছিল, রাহানের সেঞ্চুরির পরই হয়তো ইনিংস ঘোষণা করবেন ভারত অধিনায়ক। তৃতীয় দিন শেষেও ‘পর্যাপ্ত’ রান হয়নি ভেবেই কিনা এখনো ইনিংস ঘোষণা করেননি আক্রমণাত্মক মেজাজের অধিনায়ক হিসেবে পরিচিত পাওয়া কোহলি। তবে এও ঠিক, এ ম্যাচের ফল আসা প্রায় অসম্ভব। সেটি ভেবেই হয়তো ব্যাটিংটা ভালোভাবেই করতে চাচ্ছেন ভারত অধিনায়ক।
তবে তৃতীয় দিনে বাংলাদেশের বড় প্রাপ্তি সাকিব আর জুবায়েরের বোলিং। সাকিব ছুঁয়েছেন ঘরের মাঠে ১০০ উইকেট প্রাপ্তির মাইলফলক। জুবায়েরের কৃতিত্বও কম নয়। পেয়েছেন কোহলির মূল্যবান উইকেটটি। দ্রুত ফিরিয়েছেন ঋদ্ধিমান সাহকেও। তবে বেশ ব্যয়বহুলই ছিলেন লেগ স্পিনার।
ফতুল্লা টেস্টের তৃতীয় দিনটি মুরালি বিজয়ের সেঞ্চুরি কিংবা বাংলাদেশের বোলারদের সাফল্যের সঙ্গে কৃতিত্ব দিতে হবে দর্শকদেরও। প্রবল বর্ষণের মাঝেও গ্যালারিতে কাকভেজা হয়ে বাংলাদেশের সাফল্য দেখতে বসেছিলেন বিকেল অবধি। কিন্তু বর্ষার মৌসুমে আর যাই হোক, ক্রিকেট রোমাঞ্চ জমানো কঠিন। আর জুন ছাড়া ভারতেরও যেন সময় নেই বাংলাদেশে আসার!