সাক্ষাৎকার দিতে দিতেই ক্যাচ ধরলেন কুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
(ঘড়ির কাঁটা অনুসারে) কথা বলছেন কুক। উড়ে আসছে বল। চকিতে তাকিয়ে হাত বাড়িয়ে দিলেন। ধরে ফেললেন বল। ছবি: ভিডিও থেকে
(ঘড়ির কাঁটা অনুসারে) কথা বলছেন কুক। উড়ে আসছে বল। চকিতে তাকিয়ে হাত বাড়িয়ে দিলেন। ধরে ফেললেন বল। ছবি: ভিডিও থেকে

অ্যালিস্টার কুক দারুণ স্লিপ ফিল্ডার। তাঁর বাঁ হাত কিংবা স্লিপ ফিল্ডারের গুণাবলি নিয়ে নতুন কিছু লেখার নেই। তবে কুক এর মধ্যে যা করেছেন, তা অবশ্যই অন্য রকম। এসেক্স কাউন্টি ক্লাবের ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে পাওয়া গেল তার প্রমাণ।

এসেক্সের অনুশীলন সেশনের মধ্যেই মাঠে দাঁড়িয়ে একজনকে ভিডিও সাক্ষাৎকার দিচ্ছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক। তাঁরা যেখানে দাঁড়িয়ে কথা বলছিলেন, তারই একটু দূরে চলছিল ক্যাচ অনুশীলন। যিনি ক্যাচিং অনুশীলন করাচ্ছিলেন তাঁরই ব্যাট থেকে ছুটে আসা একটি বলে আর একটু হলেই মারাত্মক আঘাত পেতে পারতেন কুকের সাক্ষাৎকার নিতে থাকা সেই সাংবাদিক।
কুক তাকিয়ে ছিলেন সাক্ষাৎকার গ্রহীতার দিকে। আর বলটা ছুটে আসছিল বাঁ দিক থেকে, যেদিকে সরাসরি দৃষ্টি ছিল না কুকের। কিন্তু ওই অবস্থাতেই চট করে হাত বাড়িয়ে কুক বাঁ হাতে লুফে নেন বলটি। কেবল হাত বাড়িয়ে, বলের দিকে না তাকিয়ে কীভাবে বলটি ধরলেন—ব্যাপারটা যেন কুকেরও ঠিক বিশ্বাস হচ্ছিল না!
কুকের বাঁ হাতটা সোনা দিয়েই বাঁধিয়ে রাখতে চাইবেন সেই সাক্ষাৎকার গ্রহীতা। বলটা যে গতিতে ছুটে আসছিল, তা সরাসরি মাথায় আঘাত করলে কী হতো বলা মুশকিল!
এই ভিডিও সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। অনেকে অবশ্য প্রশ্ন তুলেছেন, ভিডিওটা সাজানো কি না। সাজানো না হলে কুকের অলৌকিক ক্ষমতা আছে বলতেই হবে! সূত্র: ফেসবুক।