সাক্ষাৎকারে সৌরভের অনুপস্থিতি নিয়ে হতাশ শাস্ত্রীর প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবি শাস্ত্রীর সাক্ষাৎকার নেননি সৌরভ? ছবি: সংগৃহীত
রবি শাস্ত্রীর সাক্ষাৎকার নেননি সৌরভ? ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সাবেক তিন তারকা শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষণ। এই তিনের সমন্বয়ে গঠিত উপদেষ্টা কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করেই মূলত অনিল কুম্বলেকে ভারতীয় দলের প্রধান কোচের পদে বসিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কোচ হওয়ার দৌড়ে কুম্বলের খুব শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন এক বছর ধরে ‘টিম ডিরেক্টর’ পদের আড়ালে প্রধান কোচের দায়িত্ব পালন করা রবি শাস্ত্রী। শেষ পর্যন্ত তিনি কোচ হতে পারেননি, কিন্তু তাঁর একটি বক্তব্য কিন্তু ইতিমধ্যেই ছড়িয়েছে বিতর্কের ডালপালা।

ভারতের কোচ হতে না পেরে নিজের হতাশার কথা ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে জানিয়েছেন রবি শাস্ত্রী। সেখানেই তিনি বলেছেন, থাইল্যান্ডের ব্যাংকক থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি সৌরভের কোনো প্রশ্ন পাননি।

একই সংবাদপত্র এ ব্যাপারে জানতে চেয়েছিল সৌরভের কাছেও। তিনি অবশ্য এ ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য করেননি, ‘সাক্ষাৎকারের বিষয়টি কিন্তু অতি গোপনীয় ব্যাপার। সে কারণেই আমি শাস্ত্রীর মন্তব্য সম্পর্কে কিছু বলতে চাই না। আপনারা উপদেষ্টা কমিটির অন্য সদস্যদের এ ব্যাপারে জিজ্ঞেস করতে পারেন।’

এদিকে খবরে প্রকাশ, ভারতীয় ক্রিকেট বোর্ড নাকি অনিল কুম্বলের অধীনে রবি শাস্ত্রীকে ভারতের ব্যাটিং কোচ করার একটা চেষ্টা চালিয়েছিল। কিন্তু গতকাল শনিবার সঞ্জয় বাঙ্গারকেই ব্যাটিং কোচের পদে রেখে দেওয়ার ব্যাপারটি চূড়ান্ত হয়।