সাক্ষী হয়ে ভেট্টোরি নিজেই ঝামেলায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যানিয়েল ভেট্টোরি
ড্যানিয়েল ভেট্টোরি

ক্রিস কেয়ার্নস শুধু নিজেই ফাঁসছেন না, বিপদে ফেলে দিচ্ছেন একসময়ের সতীর্থদেরও। কেয়ার্নসের বিরুদ্ধে চলমান মামলায় সাক্ষ্য দিতে গিয়ে যেমন ঝামেলায় পড়ে গেছেন ড্যানিয়েল ভেট্টোরিও। অভিযোগ উঠেছে, নিজের ক্যারিয়ার বাঁচাতে একসময় আইসিসির দুর্নীতি দমন ইউনিটের কাছে মিথ্যা কথা বলেছিলেন সাবেক কিউই অধিনায়ক।
শপথ নিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়া ও বিচার প্রভাবিত করার অভিযোগে লন্ডনের একটি আদালতে মামলা চলছে কেয়ার্নসের বিরুদ্ধে। যেখানে কেঁচো খুঁড়তে ‘অ্যানাকোন্ডা’ বেরিয়ে আসছে। সাবেক সতীর্থ লু ভিনসেন্ট সাক্ষ্য দিতে এসে শুনিয়েছেন, কীভাবে তাঁকে স্পট ফিক্সিংয়ে জড়িয়েছিলেন কেয়ার্নস। ব্রেন্ডন ম্যাককালাম, কাইল মিলস ও আন্দ্রে অ্যাডামসরাও বলেছেন, তাঁদের কাছেও এসেছিল কেয়ার্নসের অসাধু প্রস্তাব।
এবার সাক্ষ্য দিয়েছেন ভেট্টোরি। ভিডিও কনফারেন্সে আদালতে সাক্ষ্য দেওয়ার সময় ভেট্টোরি দাবি করেন, ম্যাককালামের কাছে একাধিকবার ফিক্সিংয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন কেয়ার্নস। যে ঘটনাটি ম্যাককালামই বলেছেন ভেট্টোরিকে।
এই ঘটনাটি ভেট্টোরি পরে আইসিসির দুর্নীতি দমন ইউনিটের কাছেও অবহিত করেন। কিন্তু তখন ভেট্টোরি বলেছিলেন, ম্যাককালামের কাছ থেকে কেয়ার্নসের ফিক্সিং প্রস্তাব সম্পর্কে তিনি জেনেছিলেন ২০১০ সালে বাংলাদেশ সফরের সময়। কিন্তু আসলে তিনি এটা জেনেছিলেন ২০০৮ সালে। এই ২০০৮ ও ২০১০ নিয়েই একটা ধোঁয়াশা আছে ভেট্টোরির তখনকার জবানবন্দিতে।

জেনেবুঝেই এই ‘মিথ্যাচার’ করেছেন কি না, কেয়ার্নসের আইনজীবী সেটাই জানতে চেয়েছিলেন। জবাবে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট ও ওয়ানডে খেলা এই স্পিনার দাবি করেছেন, ২০০৮ ও ২০১০ সালে দুবার বাংলাদেশ সফর করেছে নিউজিল্যান্ড। দুবারই অক্টোবরে। ঠিক কখন ম্যাককালাম তাঁকে ঘটনাটি বলেছেন, সেটা ভুলে গিয়েছিলেন তিনি।

আইসিসির দুর্নীতি দমন আইন অনুযায়ী, কোনো খেলোয়াড় ম্যাচ পাতানো সম্পর্কে রিপোর্ট করতে অযৌক্তিক কারণে দেরি করলে তিনিও এক থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা পেতে পারেন। এই নিষেধাজ্ঞা থেকে বাঁচতেই কি ভেট্টোরি ওই সময়ের জবানবন্দিতে সময়কাল নিয়ে মিথ্যা বলেছিলেন? আদালতে এই প্রশ্ন ওঠার পর ভেট্টোরির জবাব, ‘যেহেতু প্রস্তাবটি আসলে আমাকে করা হয়নি, আমি ব্যাপারটি রিপোর্ট করার প্রয়োজনীয়তা অনুভব করিনি। কখনো মনে হয়নি এটি আমার দায়িত্ব।’ আগের জবানবন্দিতে ভুল সময়কাল উল্লেখ করাটা ‘নির্দোষ ভুল’ ছিল বলেই দাবি ভেট্টোরির। নিউজিল্যান্ড হেরাল্ড।