সাঙ্গাকারা আবার এক নম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমার সাঙ্গাকারা
কুমার সাঙ্গাকারা

অসামান্য কীর্তি গড়েই শীর্ষে ফিরলেন কুমার সাঙ্গাকারা। গল টেস্টে ২২১ রানের ইনিংস খেলে টেস্ট ডাবল সেঞ্চুরিতে ব্রায়ান লারাকে ছাড়িয়ে যাওয়া লঙ্কান ব্যাটসম্যানই এখন র‌্যাঙ্কিংসেরা ব্যাটসম্যান। এক ধাপ এগোনো সাঙ্গাকারা দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সকে দুইয়ে নামিয়ে পুনরুদ্ধার করেছেন শীর্ষস্থানটা। এর আগে ২০১২ সালের নভেম্বরে সর্বশেষ এক নম্বরেও উঠেছিলেন আরেকটি গল টেস্টের পরেই। ২০০৭ সালের ডিসেম্বরে প্রথম শীর্ষে ওঠা এই বাঁহাতি ব্যাটসম্যান সর্বমোট ৬৭১ দিন এক নম্বর ছিলেন।
ধারাবাহিক ভালো ব্যাটিংয়ের পুরস্কার পেয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুসও। গলে ৯১ ও অপরাজিত ২৫ রান করে প্রথমবারের মতো শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন লঙ্কান অধিনায়ক। এক ধাপ এগোনো ম্যাথুস এখন টেস্টের পঞ্চম সেরা ব্যাটসম্যান।
বোলিংয়ে যথারীতি শীর্ষে দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার ডেল স্টেইন। পরিবর্তন হয়নি পরের তিনটি স্থানেও। তবে ওল্ড ট্রাফোর্ড ও গলে ভালো করার স্বীকৃতি হিসেবে দুই ধাপ করে এগিয়ে পাঁচ ও ছয়ে উঠে এসেছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ও শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ।
প্রায় আট মাস পর টেস্টে ফিরেই অলরাউন্ড র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা পুনরুদ্ধার করেছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। দুই ধাপ এগোনো অশ্বিনকে জায়গা করে দিতে এক ধাপ করে পিছিয়ে দুই ও তিনে নেমে গেছেন দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডার ও বাংলাদেশের সাকিব আল হাসান।
অলরাউন্ড র্যাঙ্কিংয়ে পেছালেও টেস্ট ব্যাটিং ও বোলিংয়ে বাংলাদেশের সেরা সাকিবই। ব্যাটিংয়ে ৩১ ও বোলিংয়ে ১৮ নম্বরে আছেন এই অলরাউন্ডার। তথ্যসূত্র: আইসিসি বিজ্ঞপ্তি।
টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা ৫
ব্যাটসম্যান
দল পয়েন্ট
১ (+১) কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কা ৯২০
২ (-১) এবি ডি ভিলিয়ার্স দ. আফ্রিকা ৮৯৯
৩ (-) হাশিম আমলা দ. আফ্রিকা ৮৭৮
৪ (-) ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়া ৮৭১
৫ (+১) অ্যাঞ্জেলো ম্যাথুস শ্রীলঙ্কা ৮৬২
বোলার
দল পয়েন্ট
১ (-) ডেল স্টেইন দ. আফ্রিকা ৯০৩
২ (-) রায়ান হ্যারিস অস্ট্রেলিয়া ৮৭০
৩ (-) মিচেল জনসন অস্ট্রেলিয়া ৮৪৪
৪ (-) ভারনন ফিল্যান্ডার দ. আফ্রিকা ৮১৩
৫ (+২) জেমস অ্যান্ডারসন ইংল্যান্ড ৮০০
অলরাউন্ডার
দল পয়েন্ট
১ (+২) রবিচন্দ্রন অশ্বিন ভারত ৩৭২
২ (-১) ভারনন ফিল্যান্ডার দ. আফ্রিকা ৩৬৫
৩ (-১) সাকিব আল হাসান বাংলাদেশ ৩৬৪
৪ (+১) স্টুয়ার্ট ব্রড ইংল্যান্ড ২৮৮
৫ (-১) মিচেল জনসন অস্ট্রেলিয়া ২৮০