সাঙ্গাকারা-লক্ষ্মণের বাংলাদেশ প্রশস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা-পাকিস্তানকে পেছনে ফেলে এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। সাবেক বিশ্বতারকারা প্রশংসায় ভাসিয়েছেন মাশরাফি-সাকিবদের।
কুমার সাঙ্গাকারা কিছুদিন আগেই বিপিএল খেলে গেছেন, মুস্তাফিজদের নিয়ে নিজের মুগ্ধতার কথা তখনই জানিয়েছিলেন। কাল বাংলাদেশ দল পাকিস্তানকে হারানোর পর টুইট করতে দেরি করেননি শ্রীলঙ্কান কিংবদন্তি, ‘এই জয় বাংলাদেশের সাহস, দক্ষতা ও আত্মবিশ্বাসের প্রতীক। বাংলাদেশ নিজের যোগ্যতা দিয়েই ফাইনালে গিয়েছে। হাথুরু ও তাঁর দলকে অভিনন্দন।’
সাবেক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ইয়ান বিশপ এখন পুরোদস্তুর ধারাভাষ্যকার। অনেক দিন ধরেই দেখে আসছেন বাংলাদেশের ক্রিকেট। মাশরাফির কথা আলাদা করে বলতে ভোলেননি, ‘বাংলাদেশকে দেখে আবারও সত্যিই খুব খুশি লাগছে। তাদের ধারাবাহিক উন্নতির এটা আরেকটি সাক্ষ্য। মুর্তজা দারুণ একজন নেতা হয়ে উঠছে।’ প্রশংসা এসেছে ফাইনালে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভারতের ধারাভাষ্যকারদের কাছ থেকেও।
ভারতের সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ বাংলাদেশকে নিয়ে গত বিশ্বকাপের স্মৃতিটা মনে করিয়ে দিয়েছেন, ‘দুর্দান্ত একটা জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন। ২০১৫ বিশ্বকাপের পর থেকে যে তাদের মানসিকতায় বড় একটা পরিবর্তন এসেছে, এটা তারই প্রমাণ। এখন তারা জেতার জন্যই খেলছে।’ তথ্যসূত্র: টুইটার।