সাঙ্গাকারাকে কোহলির 'স্যালুট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঙ্গাকারাকে শ্রদ্ধা জানিয়ে কোহলির পাঠানো নোট। ছবি: ভারতীয় ক্রিকেট বোর্ডের ফেসবুক থেকে সংগৃহীত
সাঙ্গাকারাকে শ্রদ্ধা জানিয়ে কোহলির পাঠানো নোট। ছবি: ভারতীয় ক্রিকেট বোর্ডের ফেসবুক থেকে সংগৃহীত

দাম্ভিক, উদ্ধত, মাথা গরম এবং দারুণ প্রতিভাবান। বিরাট কোহলির নাম শুনলেই মাথায় আসে এই বিশেষণগুলো। কিন্তু কুমার সাঙ্গাকারার মতো ক্রিকেটারকে সামনে পেলে কোলির মাথাও শ্রদ্ধায় অবনত হয়, কণ্ঠে শোনা যায় বিনয়ের সুর। কুমার সাঙ্গাকারার বিদায়ে আপ্লুত কোহলি তাঁকে উদ্দেশ করে নিজ হাতে লিখে একটি নোট পাঠিয়েছেন। সেখানে প্রকাশিত তাঁর সাঙ্গাকারার প্রতি তাঁর আন্তরিক শ্রদ্ধা আর সম্মান।
কোহলির সেই নোট নিশ্চয়ই ছুঁয়ে গেছে সাঙ্গাকারাকে। ছুঁয়ে গেছে সবাইকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ফেসবুক পেজে কোহলির নোটটির একটি ছবি পোস্ট করাও হয়েছে। নোটটির ভাষাও কিন্তু আপ্লুত হওয়ার মতোই, ‘মানুষ হিসেবে আপনাকে জানতে পেরেছি এতেই আমি আনন্দিত। আর ক্রিকেটীয় অর্জনগুলো তো অবিশ্বাস্য। আপনি অসংখ্য মানুষের অনুপ্রেরণা ছিলেন এবং তাদের পথ দেখিয়েছেন। আপনার সঙ্গে খেলতে পেরেছি ভাবতেই ভাগ্যবান মনে হচ্ছে। সবকিছুর জন্য ধন্যবাদ। আপনার ও পরিবারের জন্য শুভ কামনা।’
নোটটির পুরোটাই তিনি লিখেছেন বড় হরফে। যেন লেখার হরফ দিয়েই জানিয়ে দিতে চাইলেন এই কিংবদন্তির প্রতি তাঁর শ্রদ্ধা। টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম জয়ের চেয়েও কোহলির কাছে আজকের দিনে সাঙ্গাকারার বিদায়ই যেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। সেটা প্রমাণিত সাঙ্গাকারাকে বারবার সম্ভাষণ জানানোর মধ্য দিয়ে। টেস্টের শেষেও সাঙ্গাকারার হাতে তুলে দিলেন ভারতীয় ক্রিকেটারদের সইসহ একটি জার্সি। জার্সি তুলে দিয়ে আলিঙ্গনটাও তিনি সারলেন গভীর শ্রদ্ধায়।
আগ্রাসন ক্রিকেটের একটি ‘কেতা’ হলেও খেলাটি আসলেই ভদ্রলোকের! সূত্র: এনডিটিভি অনলাইন