সাঙ্গাকারার দ্বি-শতকে উদ্ভাসিত ওয়েলিংটন
টেস্ট ইতিহাসে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বারো হাজারি ক্লাবের সদস্য হয়েছেন কালই। আজ দারুণ এক ডাবল সেঞ্চুরির মাধ্যমে নিজের অর্জনটাই যেন উদযাপন করলেন কুমার সাঙ্গাকারা। তাঁর অনবদ্য ২০৩ রানের ওপর ভর করে ওয়েলিংটনে শ্রীলঙ্কা স্কোরবোর্ডে তুলেছে ৩৫৬ রান। জবাবে দিন শেষে বিনা উইকেটে ২২ রান তুলে লঙ্কানদের চেয়ে এখনো ১১৩ রানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড।

সাঙ্গাকারার একাদশ দ্বি-শতকটিকে এক কথায় শ্রীলঙ্কার সংগ্রহের মূল অনুষঙ্গই বলা চলে। দলের ৩৫৬ রানের মধ্যে ২০৩ই সাঙ্গাকারার। বাকী ১৫৩ রান এসেছে বাকী ব্যাটসম্যানদের ব্যাট থেকে। প্রথম দিন বিকেলে ৭৮ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসা শ্রীলঙ্কার ত্রাণকর্তা হয়েই যেন আবির্ভূত হয়েছিলেন সাঙ্গা। ৪১২ মিনিট উইকেটে থেকে ৩০৬ বলের মোকাবিলায় দারুণ এ্ই ইনিংসে আছে ১৮টি চার ও ৩টি ছয়ের মার। অপর প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলেও তিনি ছিলেন ধীর-স্থির, লক্ষ্যে অবিচল। ষষ্ঠ উইকেট জুটিতে দিনেশ চান্দিমালের সঙ্গে ১৩০ রানের এক অনন্য জুটি গড়ে তিনি শ্রীলঙ্কার সংগ্রহকে নিয়ে যান সম্মানজনক জায়গায়। পাশাপাশি নবম উইকেটের লাকমলের সঙ্গে তিনি ড়েন ৬৭ রানের জুটি। মাঝে অষ্টম উইকেটে রঙ্গনা হেরাথের সঙ্গে তাঁর ৪৭ রানের জুটিও ছিল দারুণ গুরুত্বপূর্ণ।
আজকের দ্বি-শতকে চতুর্থবারের মতো মোট দলীয় রানের অর্ধেকটায় অবদান রাখলেন তিনি। এমন কীর্তি গড়া খেলোয়াড়দের তালিকায় তাঁর সঙ্গে আছেন স্বয়ং স্যার ডন ব্র্যাডম্যান। এছাড়া এই দলের অন্যতম গর্বিত সদস্য হচ্ছেন ব্রায়ান লারা ও ডেভ হাটন। নিউজিল্যান্ডের মাটিতে এর আগে তাঁর দুটো পঞ্চাশোর্ধ ইনিংসকেই সেঞ্চুরিতে পরিণত করেছিলেন সাঙ্গা। এবার করে বসলেন ডাবল সেঞ্চুরিই।
দিনেশ চান্দিমালের ব্যাট থেকে এসেছে মহামূল্যবান ৬৭ রান। রঙ্গনা হেরাথের ১৫ রানের ইনিংসটিকেও গুরুত্বপূর্ণ মানতেই হচ্ছে।
নিউজিল্যান্ডের পক্ষে ডগ ব্রেসওয়েল ও জেমস নিশাম দু’জনেই নিয়েছেন ৩টি করে উইকেট। একটি করে উইকেট মার্ক ক্রেইগ ও টিম সাউদির। ট্রেন্ট বোল্ট ৭৫ রানের বিনিময়ে তুলে নিয়েছেন দুটো উইকেট। সূত্র: ক্রিকইনফো।