সাঙ্গাকারার বিদায় শ্রীলঙ্কার 'বড় ক্ষতি'

কুমার সাঙ্গাকারা বিদায় নিয়েছেন ক্রিকেট থেকে। কিন্তু তাঁর পনেরো বছরের ক্যারিয়ার লঙ্কান ক্রিকেটে যে অবিশ্বাস্য প্রভাব রেখে গেছে তার থেকে বেরিয়ে আসাটা এক ধরনের চ্যালেঞ্জই। ভারতের বিপক্ষে চলমান সিরিজে সাঙ্গাকারা-বিহীন শ্রীলঙ্কান দলের কোনো আশা আপাতত দেখছেন না ক্রিকেট গ্রেট সুনীল গাভাস্কার।
ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভির সঙ্গে এক আলাপচারিতায় গাভাস্কার সংশয় প্রকাশ করেছেন সিরিজের শেষ টেস্টে লঙ্কানদের পারফরম্যান্স নিয়ে। শুক্রবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।
সাঙ্গাকারা তাঁর ক্যারিয়ারের ইতি টেনেছেন সিরিজের প্রথম দুটো টেস্ট খেলেই। খেলোয়াড়ি জীবনের শেষ দুটো টেস্টে সাঙ্গা ছিলেন তাঁর ছায়া হয়েই। রঙ্গনা হেরাথের অসাধারণ বোলিংয়ে গলের প্রথম টেস্ট ম্যাচটি জিতে যাওয়ার পর পি সারাভানামুত্তু ওভালে লঙ্কান দলের পারফরম্যান্স ছিল তথৈবচ। শেষ দিনে রবিচন্দ্রন অশ্বিন আর অমিত মিশ্রের দারুণ বোলিংয়ে ২৭৮ রানের পরাজয় মেনে নিতে হয়েছে তাদের। ১-১ সমতায় থাকা এই সিরিজের ভাগ্য-নির্ধারিত হওয়ার কথা ওই এসএসসিতেই। গাভাস্কার কিন্তু যথেষ্ট সংশয়ে যে শেষ টেস্টে শ্রীলঙ্কা আদৌ জয়ের খেলাটা খেলতে পারবে কিনা, ‘সাঙ্গাকারাহীন শ্রীলঙ্কা দলের পক্ষে সিরিজের শেষ টেস্টে ভারতকে হারানো কষ্টসাধ্যই হবে। আমার তো মনে হয় সিরিজের শেষ টেস্ট জেতা শ্রীলঙ্কার জন্য একপ্রকার অসম্ভবই।’
সাঙ্গাকারার বিদায় শ্রীলঙ্কান দলের ব্যাটিংকে যথেষ্ট ক্ষতিগ্রস্ত করবে বলেই মনে করেন গাভাস্কার, ‘সাঙ্গাকারা ছাড়া শ্রীলঙ্কা বেশ বিপদেই পড়বে। দলটির ব্যাটিং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আমি মনে করি। তাদের পক্ষে পরের টেস্ট ম্যাচটি জেতা খুবই কষ্টসাধ্য হবে।’
কী অসাধারণ ক্যারিয়ারটাই না শেষ করলেন কুমার সাঙ্গাকারা। ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে তাঁর বিদায়টাও হয়েছে তাঁর মতো করেই, আকাশের উচ্চতায় দাঁড়িয়ে। শেষ এক বছরে তাঁর ব্যাট থেকে এসেছে পাঁচটি টেস্ট-শতক। এর মধ্যে আছে দুটো দ্বি-শতক। আর ৩১৯ রানের ক্যারিয়ার-সেরা ইনিংসটি। দেশের হয়ে ১২ হাজার ৪শ রান করা সাঙ্গাকারার ব্যাটিং গড় ৫৭.৪০। সাঙ্গাকারা তো কেবল একজন ব্যাটসম্যানই ছিলেন না, ছিলেন একজন সফল উইকেটরক্ষকও। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে তাঁর ক্যাচ ৫৮৪ টি, স্ট্যাম্পিং ১১৯ টি। এমন একজন ক্রিকেটারের বিদায়ে তাঁর দল যে কিছু দিন মহাসমুদ্রে খাবি খাবে, সেটা তো স্বাভাবিকই।
শুধু সাঙ্গাকারাই নয়। মাহেলা জয়াবার্ধনেও কিছু দিন আগে বিদায়ে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তিলরকরত্নে দিলশান এখন ওয়ানডে ও টি-টোয়েন্টিতেই নিজেকে সীমাবদ্ধ করে ফেলেছেন। শ্রীলঙ্কার বর্তমান টেস্ট দলের মূল ব্যাটিং ভরসা ওই অ্যাঞ্জেলো ম্যাথুসই। দিনেশ চান্ডিমাল ভালো প্রতিভা, কিন্তু তাঁর ধারাবাহিকতার যে বড্ড অভাব। শ্রীলঙ্কা দলকে আগামী বেশ কিছু দিন সাঙ্গাকারাকে হারানোর ক্ষতে প্রলেপ ঘষেই কাটাতে হবে।