প্রথম দুই টেস্ট শেষে সিরিজটা ১-১ অবস্থায় থাকলে কি শেষ ম্যাচে কুমার সাঙ্গাকারার খেলার কোনো সম্ভাবনা আছে?
সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে প্রশ্নটা করেছিলেন এক সাংবাদিক। দুই ম্যাচ শেষে সিরিজের ফল ১-১-ই হলো। কিন্তু ২৮ আগস্ট থেকে শুরু টেস্টে ম্যাথুসের দলে থাকবেন না সাঙ্গাকারা। আগেই নেওয়া সিদ্ধান্ত থেকে সরে আসেননি লঙ্কার ব্যাটিং মহিরুহ। তাই কাল পি সারা ওভালই শেষবারের মতো দেখে নিল সাঙ্গাকারাকে।
আগের দিন ওভালে মাইকেল ক্লার্ক জয় দিয়েই শেষ করেছেন আন্তর্জাতিক ক্যারিয়ার। কিন্তু সাঙ্গাকারার বিদায়ে সঙ্গী হলো পরাজয়। আর সাবেক অধিনায়ককে বিদায় সংবর্ধনা দিতে যেন একটু তাড়াহুড়ো করেই নিজেদের ইনিংস শেষ করল লঙ্কানরা। ২ উইকেটে ৭২ রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কা লাঞ্চের মাত্র ৭ বল পরই অলআউট ১৩৪ রানে। লাঞ্চটাও আবার বৃষ্টির কারণে আগেভাগে নেওয়া। লাঞ্চের আগেই ৯ উইকেট হারিয়ে ফেলা শ্রীলঙ্কার হার ২৭৮ রানের বড় ব্যবধানে। ভারতের অধিনায়ক হিসেবে কোহলি পেলেন প্রথম টেস্ট জয়।
শ্রীলঙ্কার ইনিংসে সর্বোচ্চ ৪৩ রান ওপেনার দিমুথ করুনারত্নের। অধিনায়ক ম্যাথুসকে নিয়ে তৃতীয় উইকেটে করুনারত্নের ৩৯ রান ইনিংসের সবচেয়ে বড় জুটিও। লঙ্কানদের ইনিংস ধসিয়ে দিয়েছেন দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (৫/৪২) ও অমিত মিশ্র (৩/২৯)। ২৭ ম্যাচের ক্যারিয়ারে ১২তম বারের মতো ৫ উইকেট পেলেন অশ্বিন। ক্যারিয়ারের প্রথম ২৭ টেস্টে অশ্বিনের চেয়ে বেশিবার ৫ উইকেট পেয়েছেন মাত্র পাঁচজন বোলার—সিডনি বার্নস (২৭), ওয়াকার ইউনিস (১৬), ইয়ান বোথাম (১৪), ক্ল্যারি গ্রিমেট (১৪) ও হিউ টেফিল্ড (১৩)। এএফপি, ক্রিকইনফো।