ওয়ানডেতে ১৩ হাজারি ক্লাবের চতুর্থ সদস্য হতে মাত্র ১৩ রান দরকার ছিল কুমার সাঙ্গাকারার। হাম্বানটোটায় কাল বৃষ্টিবিঘ্নিত তৃতীয় ওয়ানডেতে মাইলফলক ছুঁয়ে শচীন টেন্ডুলকার (১৮৪২৬), রিকি পন্টিং (১৩৭০৪) ও সনাৎ জয়াসুরিয়ার (১৩৪৩০) পাশে বসেছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান। তবে কাল ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে গেছে প্রথম দুই ম্যাচ জেতা শ্রীলঙ্কা।
সাঙ্গাকারার ৬২ বলে ৬৩, লাহিরু থিরিমান্নের ৪৭ বলে ৬২ রানের ইনিংসের সৌজন্যে ৩৫ ওভারে সংক্ষিপ্ত হয়ে যাওয়া ম্যাচে ৮ উইকেটে ২৪২ রান করে শ্রীলঙ্কা। তবে ডি/এল পদ্ধতিতে ২৩৬ রানের লক্ষ্য পাওয়া ইংল্যান্ড ৮ বল হাতে রেখেই পেয়ে যায় জয়। ৪০ বলে ২ চার ও ৫ ছয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন ওপেনার মঈন আলী। তবে ১৫২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা ইংলিশরা উদ্ধার পায় জো রুট (৪৮ বলে ৪৮) ও জস বাটলারের (৩৭ বলে ৫৫) অবিচ্ছিন্ন ৮৪ রানের জুটিতে।
সাত ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেটি আগামী রোববার কলম্বোয়। ক্রিকইনফো।