সাঙ্গার একাদশে নেই টেন্ডুলকার
স্যার ডন ব্র্যাডম্যান নেই। নেই গ্যারি সোবার্স, ভিভ রিচার্ডসও। কুমার সাঙ্গাকারা তাঁর সর্বকালের সেরা একাদশ নির্বাচনে নিজের সমসাময়িক ক্রিকেটারদের প্রাধান্য দিয়েছেন বলেই হয়তো বাদ পড়েছেন এই কিংবদন্তিরা। কিন্তু তাঁর একাদশে জায়গা হয়নি তাঁর প্রজন্মেরই ক্রিকেটার শচীন টেন্ডুলকারেরও।
ক্রিকেট-তীর্থ লর্ডসের টুইটার পেজের জন্য বানানো শ্রীলঙ্কান ব্যাটসম্যানের সেরা একাদশে টেন্ডুলকার না থাকলেও আছেন ভারতের ক্রিকেট দলে টেন্ডুলকারের সতীর্থ রাহুল দ্রাবিড়। একাদশে সাঙ্গা রেখেছেন পাঁচজন নিখাদ ব্যাটসম্যান। একজন পেস অলরাউন্ডার। একজন উইকেটকিপার-ব্যাটসম্যান। দুজন স্পিনার ও দুজন পেসার। সর্বকালের সেরা দুই স্পিনার শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরন আছেন। অন্যতম সেরা পেসার ওয়াসিম আকরামও আছেন। তবে দ্বিতীয় পেসার হিসেবে সাঙ্গা বেছে নিয়েছেন সাবেক শ্রীলঙ্কা সতীর্থ চামিন্ডা ভাসকে।
একাদশ নির্বাচনের কাজটা কঠিন। সাঙ্গা জানিয়েছেন, কাকে রেখে কাকে বাদ দেবেন ভাবতে গিয়ে রীতিমতো ঘাম ছুটে গিয়েছে তাঁর। নিজের সেরা দলটা গড়তে গিয়ে টেন্ডুলকারকে শেষ পর্যন্ত রাখতে পারেননি। কঠিন ছিল বীরেন্দর শেবাগকেও বাদ দেওয়া। সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক এও বলছেন, বিরাট কোহলি হয়তো এই তালিকায় থাকা সব খেলোয়াড়কেই একসময় ছাপিয়ে যাবেন। সেই সম্ভাবনা উজ্জ্বলও। তবে দলটি যেহেতু ১১ জনের, এখানে বোলার আর উইকেটকিপারকেও রাখতে হয়, তাই সবাইকে রাখা কিছুতেই সম্ভব নয়। ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি।
সাঙ্গাকারার একাদশ
রাহুল দ্রাবিড়, ম্যাথু হেইডেন, ব্রায়ান লারা, রিকি পন্টিং, অরবিন্দ ডি সিলভা, জ্যাক ক্যালিস, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন, মুত্তিয়া মুরালিধরন, ওয়াসিম আকরাম ও চামিন্ডা ভাস।