সাঙ্গার টেস্টে ভারসাম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই পাশে উঁচু করে রাখা ব্যাট, তার মধ্যেই মাঠে ঢুকলেন কুমার সাঙ্গাকারা। শেষ টেস্টের শুরুর আগে এভাবেই কাল পি সারা ওভাল শ্রদ্ধা জানাল শ্রীলঙ্কান ব্যাটসম্যানকে l এএফপি
দুই পাশে উঁচু করে রাখা ব্যাট, তার মধ্যেই মাঠে ঢুকলেন কুমার সাঙ্গাকারা। শেষ টেস্টের শুরুর আগে এভাবেই কাল পি সারা ওভাল শ্রদ্ধা জানাল শ্রীলঙ্কান ব্যাটসম্যানকে l এএফপি

ছুটির দিন নয়, তারপরও কলম্বোর পি সারা ওভালে সকাল সকাল উপস্থিত হাজার ছয়েক দর্শক। কুমার সাঙ্গাকারা একটু পরেই শেষ টেস্টে মাঠে নামবেন, মুহূর্তটার সাক্ষী তো হওয়া চাই! প্রহরটা এসে গেল খানিক পরেই। সার বেঁধে দাঁড়িয়ে দুই দলের ক্রিকেটাররা, দুই পাশে ব্যাট উঁচিয়ে ধরেছে কিশোরেরা—যেন এক মহারাজার জন্য ক্রিকেট-তোরণ। এর মধ্য দিয়েই মাঠে ঢুকলেন সাঙ্গাকারা, মুখে চিরচেনা হাসি। শেষের শুরুর আগে আবেগটা যদি ছুঁয়ে যায়ও, সাঙ্গা সেটা আড়াল করেই রাখলেন।
দিন শেষে সেই হাসিটা ধরে রেখেই মাঠ ছাড়তে পেরেছেন সাঙ্গাকারা। বলতে পারেন, প্রথম দিন শেষে তো ৬ উইকেটে ৩১৯ রান তুলে ফেলেছে ভারত, হাসিটা শ্রীলঙ্কার মুখে থাকে কীভাবে? পি সারা ওভালের শেষ বিকেলে অবশ্য শ্রীলঙ্কার উদ্যাপন বলছে অন্য কথাই। থিতু হয়ে যাওয়া রোহিত শর্মা আউট হয়ে গেছেন ৭৯ রানে, আর কোনো স্বীকৃত ব্যাটসম্যান নেই। ভারতের লেজটা তাড়াতাড়ি মুড়ে দিতে পারলেই তো শ্রীলঙ্কার সময়।
অথচ লোকেশ রাহুল ও বিরাট কোহলি অন্য রকম আভাসই দিচ্ছিলেন। সকালে টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন কোহলি। শ্রীলঙ্কা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস দাবি করেছিলেন, তিনি জিতলেও ফিল্ডিং নিতেন। দাবিটা যে ভুল নয়, শুরুতে ধাম্মিকা প্রসাদ সেই প্রমাণই দিলেন। চোট কাটিয়ে দলে ফেরা মুরালি বিজয় আউট দিনের চতুর্থ বলেই। চার ওভার পর বিস্ময়করভাবে তিনে উঠে আসা অজিঙ্কা রাহানেকেও ফিরিয়ে দিলেন প্রসাদ। দুই ওভার পর ফিরে যেতে পারতেন রাহুলও। কিন্তু ১১ রানের মাথায় গালিতে ভারত ওপেনারের ক্যাচ ফেলে দেন জিহান মুবারক। কে জানত, সেই রাহুলই পরে নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেবেন!
ওপাশে কোহলি ছিলেন সপ্রতিভ। তবে তৃতীয় উইকেটে দুজনের ১৬৪ রানের জুটিটা ভাঙল খেলার ধারার বিপরীতে। কোহলির সেঞ্চুরিটা যখন সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল, ৭৮ রানে স্লিপে ম্যাথুসের দুর্দান্ত এক ক্যাচ হলেন হেরাথের বলে। রোহিত শুরুতে একটু খোলসে বন্দী ছিলেন, হেরাথের বলে শূন্য রানে খোঁচা দিয়েও সিলি পয়েন্টে ফিল্ডার না থাকায় বেঁচে যান। রাহুল-রোহিতের জুটিটা হয়েছে ৫৫ রানের, রাহুলকে ১০৮ রানে ফিরিয়ে দিয়েছেন তরুণ পেসার দুষ্মন্ত চামিরা। শুরু থেকেই নড়বড়ে স্টুয়ার্ট বিনিও থাকেননি বেশিক্ষণ। তবে উইকেটকিপার ঋদ্ধিমান সাহাকে নিয়ে দিনটা রোহিত পার করে দেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু শেষ বিকেলে ম্যাথুসের বলে এলবিডব্লু হয়ে ফিরলেন ৭৯ রানে। দিন শেষে তাই দুই দলের পাল্লাটা প্রায় সমান সমান। সেটা কোনদিকে ঝুঁকে পড়বে, আজ দিন শেষেই হয়তো জানা যাবে। ক্রিকইনফো, টেন ক্রিকেট।