সাঙ্গার পরামর্শেই শ্রীলঙ্কার এই জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরাট কোহলি ভেবেছিলেন জেতার মতো যথেষ্ট রান করে ফেলেছে ভারত। প্রতিপক্ষ যখন শ্রীলঙ্কা ৩২১ রান কি জয়ের জন্য পর্যাপ্ত নয়? সেই শ্রীলঙ্কা যারা প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে গোহারা হেরেছে। কিন্তু পরশু ওভাল মুদ্রার উল্টো পিঠ দেখিয়ে দিয়েছে কোহলিকে। ৩২২ রানের লক্ষ্য কী অবলীলায় না পেরিয়ে গেল লঙ্কানরা!
ম্যাচের পরে প্রতিপক্ষ শ্রীলঙ্কার পিঠ চাপড়ে দিয়েছেন কোহলি। বর্তমান চ্যাম্পিয়নদের অধিনায়ক এটাও বললেন তাঁর দল অজেয় নয়, ‘বিশ্বের সেরা আটটি দল খেলছে এখানে। কোনো দল আরেকটি দলকে হারাতে পারবে না, এমন নিশ্চয়তা মোটেই নেই। শ্রীলঙ্কা সত্যিই ভালো খেলেছে। আমরা অজেয় নই।’
আগের ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে ২০৩ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। আর পাকিস্তানের বিপক্ষে ৩১৯ রান করে সহজেই জিতেছিল ভারত। এই দুই ম্যাচের কথা মনে করেই হয়তো কোহলি ভেবেছিলেন যথেষ্ট রান করে ফেলেছে ভারত, ‘ম্যাচের মাঝপথে মনে হয়েছিল আমরা যথেষ্ট রান তুলে ফেলেছি। বোলারদের ওপরে আস্থা রেখেছিলাম। আমাদের বোলাররা ভালোই করেছে, তবে ওরা সত্যিই ভালো ব্যাট করেছে।’
শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের হঠাৎ বদলে যাওয়ার রহস্য ফাঁস করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। লঙ্কান অধিনায়ক পুরো কৃতিত্বটাই দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক তারকা কুমার সাঙ্গাকারাকে। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়া সাঙ্গাকারার পরামর্শ মেনে ব্যাটিং করেই নাকি সাফল্য পেয়েছেন লঙ্কানরা।
সাঙ্গাকারা এখন খেলছেন ইংলিশ কাউন্টি দল সারেতে। সারের হোম ভেন্যু ওভালেই ভারতের বিপক্ষে খেলেছে শ্রীলঙ্কা। এ সুযোগে উত্তরসূরিদের সঙ্গে কিছুটা সময় কাটিয়েছেন সাঙ্গাকারা। ম্যাচের পরে সংবাদ সম্মেলনে ম্যাচসেরা কুশল মেন্ডিসকে নিয়ে বলতে গিয়েই সাঙ্গাকে ধন্যবাদ দিয়েছেন ম্যাথুস, ‘মেন্ডিস সাঙ্গার সঙ্গে দেখা করে ব্যাটিং নিয়ে কিছু পরামর্শ চেয়েছে কারণ সে (সাঙ্গা) তো রাজা। আমরা সবাই, সব ব্যাটসম্যানই তাঁর কাছ থেকে উপদেশ পেয়েছি। এ ধরনের উইকেটে কীভাবে খেলতে হবে তা নিয়ে তিনি অনেক পরামর্শ দিয়েছেন। মাঠে গিয়ে আমরা শুধু তাঁর পরামর্শ মেনে ব্যাট করেছি।’
পরামর্শ যে কাজ করেছে তা তো ম্যাচের ফলই বলে দিচ্ছে। রয়টার্স, ক্রিকইনফো।