সাঙ্গার ব্যাটে ঢাকার চারে তিন
২৫, ২৯, ৫*। কার রান এগুলো? কুমার সাঙ্গাকারার। শ্রীলঙ্কান ব্যাটিং কিংবদন্তির নামের পাশে একটু বেমানানই লাগে। ঢাকার প্রথম পর্বের শেষ ম্যাচে অবশেষে ঝলসে উঠলেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক। একের পর এক চোখ ধাঁধানো শটে মুগ্ধ করলেন। দলকে জেতালেন কাল সামনে থেকে নেতৃত্ব দিয়েই।
তিন দিন আগে বরিশাল বুলসের দেওয়া ১০৮ রানই টপকাতে পারেনি সিলেট সুপার স্টারস। সেখানে ঢাকার দেওয়া ১৬৭ সম্ভব? উইকেটের যে চরিত্র, প্রশ্নের উত্তর ‘না’ হওয়ার সম্ভাবনাই বেশি। হলোও তা-ই। সিলেট হারল ৩৪ রানে। এ নিয়ে টানা চারটি ম্যাচই হারল মুশফিকুর রহিমের দল।
মুনাবীরা-কবের বেশ ভালো শুরুর পরও ছন্দটা ধরে রাখতে পারেনি মুশফিকের দল। নুরুল হাসানের অপরাজিত ৩৫ বাদে বলার মতো ইনিংস নেই সিলেটের। ১৫ রানে ৩ উইকেট নিয়ে ঢাকার বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল মোশাররফ হোসেন। ৩০ রানে ২ উইকেট পেলেও খানিকটা ভাগ্যকে দুষতে পারেন মুস্তাফিজুর রহমান। তাঁর বলেই হাতছাড়া হয়েছে দুটি ক্যাচ। এর একটি হাতছাড়া করেছেন দলের অন্যতম সেরা ফিল্ডার নাসির হোসেন! অবশ্য দলের এমন জয়ে মুস্তাফিজের কোনো আক্ষেপ থাকার কথা নয়। ২ উইকেট পেয়েছেন পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহও।
সাঙ্গাকারা কাল সবচেয়ে বেশি চড়াও হয়েছিলেন সিলেটের ফিদেল এডওয়ার্ডস ও রবি বোপারের ওপর। তাঁর ৭৫ রানের ৫০ রানই পেয়েছেন এই বোলারের কাছ থেকে। এডওয়ার্ডসের ১১ বলে করেছেন ২৪ আর বোপারার ১১ বলে ২৬ রান। ১০ বাউন্ডারির নয়টিই এসেছে এ দুই বোলারের বলে। সাঙ্গাকারার দিনে উজ্জ্বল পার্শ্বচরিত্র ঢাকার স্থানীয় ‘আইকন’ নাসির। চ্যালেঞ্জিং স্কোরের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সাঙ্গাকারা-নাসিরের তৃতীয় উইকেটে তোলা ৬৬ রান।
শেষ পর্যন্ত ঢাকার ব্যাটসম্যানদের চেষ্টা বৃথা যায়নি। চার ম্যাচে তিন জয়ে ফুরফুরে মেজাজেই এখন চট্টগ্রামে পা রাখতে পারবেন তাঁরা।