সাঙ্গার সামনে টেন্ডুলকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ানডেতে ৯০তম ফিফটি তুলে নিলেন সাঙ্গাকারা। ছবি: রয়টার্স
ওয়ানডেতে ৯০তম ফিফটি তুলে নিলেন সাঙ্গাকারা। ছবি: রয়টার্স

ক্যারিয়ারের গোধূলি বেলায় দাঁড়িয়ে কুমার সাঙ্গাকারা। কিন্তু ফর্ম দেখে মনে হবে মাত্রই ক্যারিয়ার শুরু করা দুরন্ত বেগে ধাবমান কোনো তরুণ খেলোয়াড়! ক্রিকেটের ব্যাকরণ মেনে ধারাবাহিক পারফর্ম করা সাঙ্গাকারা আজও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে জ্বলে উঠলেন। ফিফটিতে প্রবেশ করলেন নব্বইয়ের ঘরে। ওয়ানডেতে এ ঘরে আছেন আর একজনই—শচীন টেন্ডুলকার, ৯৬ ফিফটিতে সবার ওপরে। সাঙ্গাকারার গড়ে দেওয়া মজবুত ভিতে অ্যাঞ্জেলো ম্যাথুসের ফিনিশিংয়ে ইংলিশদের বিপক্ষে শ্রীলঙ্কা জিতল ৬ উইকেটে।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ইংল্যান্ডের দেওয়া ২৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনার তিলকরত্নে দিলশান ফিরে গেলেন দলীয় ২৮ রানে। ভালো কিছুর ইঙ্গিত দিয়ে মঈন আলীর বলে কুশল পেরেরা ফিরলেন ৩১ রানে। এরপর ইংলিশদের হন্তারক হিসেবে আবির্ভাব হলো অতিপরিচিত জুটি—সাঙ্গাকারা আর মাহেলা জয়াবর্ধনে। দুজনের তৃতীয় উইকেট জুটিতে এল ৯৬ রান। ফিফটি থেকে ছয় রান দূরে থেকে ক্রিস জর্ডানের বলে ফিরে গেলেন জয়াবর্ধনে। বন্ধু ফিরে গেলেও সাঙ্গা এগিয়েছিলেন আরও বহুদূর। তুলে নিলেন সিরিজে টানা তৃতীয় ও ক্যারিয়ারের ৯০তম ফিফটি। যে গতিতে এগোচ্ছেন, টেন্ডুলকারের ৯৬ ফিফটির রেকর্ড ভাঙা কঠিন কিছু? জর্ডানের বলে ফেরার আগে সাঙ্গাকারার সংগ্রহ ৮৬ রান।
সাঙ্গাকারার গড়ে দেওয়া মজবুত ভিতে তুলির শেষ আঁচড়টা দিলেন ম্যাথুস। এ বছরটাই যেন লঙ্কান অধিনায়কের! এখনো পর্যন্ত এ বছরে ১১৮৩ রান তুলে সবার ওপরে। ফিফটি পেয়েছেন ৯টি। ইংল্যান্ডকে হারাতে আজও দাঁড়িয়ে গেলেন ম্যাথুস। ৪৯.৪ ওভারে চার মেরে দলকে তো জেতালেনই, তুলে নিলেন ২৫তম ফিফটি। তার আগে লাহিরু থিরিমান্নের সঙ্গে গড়লেন অবিচ্ছিন্ন ৫ম উইকেট ৫৩ রানের জুটি।
ইংলিশদের হারের পেছনে অধিনায়ক ইয়ন মরগানের প্রশ্নবিদ্ধ রণকৌশল তো বটেই, সঙ্গে দায়ী বাজে ফিল্ডিং। বেশ কিছু ক্যাচ হাতছাড়া করে নিজেদের কপাল নিজেরাই পুড়িয়েছে ইংল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাট করে ইংলিশদের সংগ্রহ ভদ্রস্থ হলেও জেতার জন্য যথেষ্ট ছিল না। জেমস টেলরের ৯০ ও মরগানের ৬২ রানের সুবাধে ২৬৫ রানে অলআউট হয় সফরকারী দল। ইংলিশদের অলআউট করার পেছনে মুখ্য ভূমিকা লঙ্কান স্পিনত্রয়ী—দিলশান, রঙ্গনা হেরাথ ও অজান্তা মেন্ডিস। তিনজনেই নিয়েছেন ৩টি করে উইকেট।

ম্যাচসেরা সাঙ্গাকারা। এ জয়ে সাত ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা এগিয়ে গেল ৩-১ ব্যবধানে।