সাঙ্গা-জয়াতে শ্রীলঙ্কার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই জুটি। ছবি: এএফপি
সেই জুটি। ছবি: এএফপি

প্রায় একই বিন্দুতে দাঁড়িয়ে এই সিরিজটা শুরু করেছিল দুই দল। দুই দল নিজেদের সর্বশেষ সিরিজে ভারতের কাছে নাকানিচুবানি খেয়েছে। ইংল্যান্ড অবশ্য সিরিজের একটা ম্যাচ জিতেছিল, শ্রীলঙ্কা ধবলধোলাই হয়েছে ৫-০তেই। কিন্তু ইংল্যান্ড আবার নিজেদের দেশের মাটিতে সিরিজ হেরেছিল বলে লজ্জাটা তাদের শ্রীলঙ্কারই সমান। সেই বিধ্বস্ত দুই দলই এবার মুখোমুখি। আর তাতে ইংল্যান্ডের দুর্দশা চলছেই। সাত ম্যাচ সিরিজের প্রথম দুটো ম্যাচই জিতে নিল শ্রীলঙ্কা।

আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। প্রথম ওয়ানডেটা জিততে না পারলেও দারুণ লড়াই করেছিল ইংল্যান্ড। কিন্তু আজ দ্বিতীয় ওয়ানডেতে একেবারেই অসহায় আত্মসমর্পণ করল অ্যালিস্টার কুকের দল। প্রকৃতির বাধায় ৪৫ ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ১৮৫ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। জবাবে দুই পুরোনো সৈনিক কুমার সাঙ্গাকারা আর মাহেলা জয়াবর্ধনের অপরাজিত দুটো ইনিংসে ৩৪.২ ওভারে ম্যাচ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। সাঙ্গা ৬৭ রানে অপরাজিত ছিলেন, বন্ধুর চেয়ে ১০ রান বেশি করেছেন জয়াবর্ধনে।

প্রথম ওয়ানডেতে ২৯২ রান করলেও ইংল্যান্ডের দুশ্চিন্তার কাঁটা হয়ে ছিল তাদের ব্যাটিং। মঈন আলী আর রবি বোপারা ছাড়া ওই ম্যাচে কেউই সেভাবে রান পাননি। মঈন সেঞ্চুরি করেছিলেন, বোপারা ফিফটি। আজও ফিফটির দেখা পেয়েছেন বোপারা (৫১)। কিন্তু মঈন এবার আর জ্বলে উঠতে পারেননি। এর সঙ্গে বাকিদের ব্যর্থতা অব্যাহত ছিল। তাতেই মামুলি সংগ্রহে গুটিয়ে যায় ইংল্যান্ড। ৩৩ রানে ৩ উইকেট নিয়েছেন অজন্তা মেন্ডিস।

জবাবে ৩৭ রানে দুই ওপেনারকে হারিয়ে ফেললেও তৃতীয় উইকেটে সাঙ্গা-জয়ার ১৪৯ রানের অবিচ্ছিন্ন জুটি শ্রীলঙ্কাকে অনায়াস জয় এনে দিয়েছে।