সাঙ্গা-মাহেলার স্বপ্নময় বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকেটে ইংল্যান্ডের শেষ জুটি। জয় তখন ধরাছোঁয়ার বাইরে। সাড়ে সাত বছর আগে ওয়ানডেতে শেষবার বোলিং করা মাহেলা জয়াবর্ধনের হাতে বল তুলে দিলেন লঙ্কান অধিনায়ক। ঘরের মাটিতে জয়াবর্ধনের শেষ ম্যাচ, রঙিন পোশাকে শেষ সাঙ্গাকারার। বিদায়ী ম্যাচ ব্যাট হাতে দুজনের সেরাটা পায়নি। শেষ মুহূর্তটি তবু স্মরণীয়ই করে রাখলেন দুজন। ম্যাচের ইতি দুই বিদায় নায়কের হাত ধরেই। জয়াবর্ধনের বলে স্টাম্পড জেমস ট্রেডওয়েল, করলেন সাঙ্গাকারা!
সাঙ্গা-জয়ার বিদায়ী ম্যাচ দেখতে টইটম্বুর প্রেমাদাসার গ্যালারি তখন উত্তাল। শ্রীলঙ্কার ৮৭ রানের জয় বা ৫-২ ব্যবধানে ইংল্যান্ডকে হারানো, সব তখন আড়াল। শত শত দর্শকের হাতে দুই নায়ক, দুই বন্ধুর ছবি, ব্যানার, পোস্টার। ম্যাচ শেষে অনেকটা সময় নিয়ে পাশাপাশি পুরো মাঠ প্রদক্ষিণ করলেন দুজন, হাত নাড়লেন, জবাব দিলেন ভক্তদের ভালোবাসার। পরে জয়াবর্ধনে বললেন, ‘আবেগময় ও কষ্টের মুহূর্ত। কিন্তু আমরা ম্যাচ ও সিরিজ জিতেছি। জয় সব সময়ই আনন্দের, মজার।’
বিদায়ী ম্যাচে দুই কিংবদন্তিকে জয় উপহার দিয়েছেন আরেক পুরোনো সৈনিক তিলকরত্নে দিলশান। নিজের ৩০০তম ওয়ানডে স্মরণীয় করে রাখলেন অসাধারণ অলরাউন্ড নৈপুণ্যে। ১৮তম ওয়ানডে সেঞ্চুরির পথে পঞ্চম লঙ্কান হিসেবে ছুঁয়েছেন ৯ হাজার রান। পরে বল হাতে নিয়েছেন ৩ উইকেট। দিলশানের ১২৪ বলে ১০১, দিনেশ চান্ডিমালের ৫০ বলে অপরাজিত ৫৫ আর থিসারা পেরেরার ২৬ বলে ৫৪ রানের ইনিংসে শ্রীলঙ্কা তুলেছিল ৩০২ রান। ইংল্যান্ড গুটিয়ে যায় ২১৫ রানে। ৩৫৭ রানের পাশাপাশি ১২ উইকেট নিয়ে সিরিজ-সেরা দিলশান। তবে তাঁর কণ্ঠেও দীর্ঘদিনের দুই সঙ্গী হারানোর বেদনা, ‘ওদের অনেক মিস করব!’ টেন ক্রিকেট, ক্রিকইনফো।