সাজঘরে বিরাট কোহলি
জুটিটা হয়ে উঠছিল ভয়ংকরই। ইনিংসের দ্বিতীয় বলেই রোহিত শর্মার বিদায়ের পর হতবিহ্বল ভারতীয় ব্যাটিংকে পথ দেখাচ্ছিলেন বিরাট কোহলি আর শিখর ধাওয়ান। এই যুগল স্কোরবোর্ডে ৭৪ রান তুলে ফেলতেই বাংলাদেশের জন্য ত্রাণকর্তা হয়ে উঠলেন নাসির হোসেন। তাঁর সোজা-সাপ্টা এক বলেই এলবি’র ফাঁদে কোহলি।
নিজের ব্যর্থতা যেন বিশ্বাসই করতে পারছিলেন না কোহলি। আনন্দের আতিশয্যে নাসির হয়তো কোহলিকে কিছু বলে থাকতে পারেন, তাতেই সাজঘরের পথ ভুলে ঘুরে তাকালেন তিনি। গরম হয়ে উঠল মাঠের বাতাসও।
পরিবেশ গরম হয়ে উঠলেও পানি বেশিদূর গড়ায়নি। নিজের ব্যর্থতা মেনে সাজঘরের পথে দ্রুতই হেঁটেছেন বিশ্ব ক্রিকেটে হালের এই সেনসেশন।
এর আগে স্কোরবোর্ডে কোনো রান না তুলেই ইনিংসের দ্বিতীয় বলে মুস্তাফিজের পাতা ফাঁদে পা দেন রোহিত শর্মা। লেংথ বলে বিভ্রান্ত হয়ে ব্যাট চালিয়ে রোহিত ধরা পড়েন পয়েন্টে—সাব্বির রহমানের ক্যাচটি কিন্তু ছিল দুর্দান্তই।
এই মুহূর্তে ভারতের সংগ্রহ ১৭ ওভারে ২ উইকেটে ৯৪। দারুণ খেলছেন শিখর ধাওয়ান। তিনি অপরাজিত ৪৯ রানে। ব্যাটিং অর্ডারে নিজেকে ওপরে তুলে মহেন্দ্র সিং ধোনি অপরাজিত ১৫ রানে। কোহলি বিদায় নিয়েছিলেন ২৩ রান করে।