সাজঘরে সেদিন কোহলি-ধাওয়ান মুখোমুখি!

ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনে ভারতের ‘সাজঘর-নাটকে’র নতুন এক ঘটনা চাউর হলো। সকালে গ্যাবায় অনুশীলন উইকেটে ব্যাটিং করতে গিয়ে শিখর ধাওয়ান হাতে চোট পাওয়ায় পাঁচ-ছয় মিনিটের নোটিশে দিনের শুরুতেই নামতে হয়েছিল বিরাট কোহলিকে। এ সিদ্ধান্তে তীব্র আপত্তি জানিয়েছিলেন ভারতীয় ব্যাটিং সেনসেশন। একপর্যায়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন ধাওয়ানের সঙ্গে।
অল্প সময়ের নোটিশে কোহলি কিছুতেই ব্যাটিংয়ে নামতে চাইছিলেন না। সেদিন নাকি উত্তেজিত ভঙ্গিতেই মুখোমুখি হয়েছিলেন কোহলি-ধাওয়ান! মাত্র ১ রানে ফেরার পর আরেক দফা ঝাল ঝেড়েছিলেন ধাওয়ানের ওপর। কোহলি আরও খ্যাপেন, যখন ধাওয়ান জানান, দেশের জন্য খেলতে পেরে গর্বিত, চোট নিয়ে কোনো কপটতা তাঁর নেই। ধাওয়ান এ-ও জানালেন, পারফর্ম না করতে পারলে বসে থাকাই ভালো। আদতে তিনি সেটাই করেছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ভারতীয় দলের পরিচালক রবি শাস্ত্রী।
সেদিন ৭ নম্বরে নেমে ৮১ রানের একটি লড়াকু ইনিংস খেলেছিলেন ধাওয়ান। ইনিংসের জন্য প্রশংসা পেলেও তাঁর চোট নিয়ে উঠেছে প্রশ্ন। দলের উইকেট পতনের মিছিলের মধ্যে সাবলীলভাবে ব্যাটিং করেছেন। পরে ফিল্ডিংও করেছেন শুরু থেকে পুরোটা। চোটাক্রান্ত একজন খেলোয়াড়ের যেমন অস্বস্তি চোখে পড়ার কথা, তেমনটি দেখা যায়নি। অনেকের ধারণা, চোটটা হয়তো গুরুতর ছিল না। তাহলে শুরুতে নামতে পারলেন না কেন? সূত্র: হিন্দুস্থান টাইমস ও জিনিউজ।