ট্রাইব্যুনালের রায়ে তাঁরা অসন্তোষ প্রকাশ করেছিলেন আগেই। সে ধারাবাহিকতায় কাল ‘খালাস’ পাওয়া অভিযুক্তদের রায়ের বিরুদ্ধে শৃঙ্খলা প্যানেলের প্রধানের কাছে আপিল করেছে বিসিবি এবং আকসু। একই সঙ্গে দুটি সংস্থা ঢাকা গ্ল্যাডিয়েটরসের ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরীকে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে আজীবন বহিষ্কারাদেশের আবেদনও জানিয়েছে। এ ছাড়া মোহাম্মদ আশরাফুল আবেদন করেছেন সাজা কমানোর জন্য।
বিপিএল ফিক্সিংয়ের আপিলের প্রাথমিক শুনানি ছিল কাল। শুনানিতে ট্রাইব্যুনালের রায়ের ব্যাপারে বিভিন্ন পক্ষের আপত্তি শোনার পর আগামী ৮ থেকে ১১ সেপ্টেম্বর চূড়ান্ত শুনানির দিন ধার্য করেছেন শৃঙ্খলা প্যানেলের প্রধান সাবেক বিচারপতি আবদুর রশিদ।
শৃঙ্খলা প্যানেলের প্রধানের কাছে শিহাব চৌধুরীর ১০ বছরের বহিষ্কারাদেশ এবং ২০ লাখ টাকা জরিমানার শাস্তি মওকুফের আবেদন জানিয়ে তাঁকে নির্দোষ দাবি করেছেন তাঁর আইনজীবীরা। কিন্তু বিসিবি ও আইসিসি উল্টো তাঁর আজীবন বহিষ্কারাদেশ চেয়ে আপিল করেছে। একই সঙ্গে অভিযোগ থেকে নিষ্কৃতি পাওয়া ঢাকা গ্ল্যাডিয়েটরসের মালিক সেলিম চৌধুরী, প্রধান নির্বাহী গৌতম রাওয়াত, স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক এবং তিন ক্রিকেটার মোশাররফ হোসেন, মাহবুবুল আলম ও ড্যারেন স্টিভেন্সকে খালাস দেওয়ার বিরুদ্ধেও আপিল করেছে।
সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে আট বছরের জন্য বহিষ্কৃত মোহাম্মদ আশরাফুল আপিল করেছেন সাজা কমানোর। প্রাথমিক শুনানি শেষে তাঁর আইনজীবী খালিদ হামিদ চৌধুরী বলেন, ‘আশরাফুলের শাস্তি কমিয়ে পাঁচ বছর বা তার কম কিছু করা যায় কি না, আমরা সে জন্য আপিল করেছি।’ আইনজীবীর মাধ্যমে শাস্তি কমানোর জন্য আপিল করেছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান কৌশল লোকুয়ারাচ্চিও।