সাড়ে তিন ঘণ্টায় ১৫ উইকেট!

বল করতে হয়েছে বড়জোর সাড়ে তিন ঘণ্টা! এর মধ্যে দুই ইনিংস মিলে ওভার করেছেন সাকল্যে ২০টি। ব্যস, এর মধ্যেই যা হওয়ার হয়ে গেছে। মুড়ি মুড়কির মতো উইকেট পেয়েছেন ক্রিস রাশওয়ার্থ। নামটা একটু অচেনাই লাগবে। এখনো আন্তর্জাতিক অভিষেকই হয়নি। তবুও কাউন্টি চ্যাম্পিয়নশিপে যে কীর্তি গড়লেন, তাতেই আলোচনায় চলে এসেছেন ডারহামের এ পেসার।
তো রাশওয়ার্থের হাতে ‘খুন’ হলো কারা? ম্যাচটা ছিল নর্থ্যান্টসের বিপক্ষে। প্রথমে ব্যাট করে ডারহাম অলআউট হয় ৩৯২ রানে। জবাবে প্রথম ইনিংসে নর্থ্যান্টস অলআউট মাত্র ৮৩ রানে। এর মধ্যে রাশওয়ার্থের দখলেই ৯ উইকেট। ফলো-অনে পড়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসেও নর্থ্যান্টসের অবস্থা তথৈবচ । ২৮ বছর বয়সী পেসারের তোপে পড়ে অলআউট ৯০ রানে। এবার রাশওয়ার্থের দখলে ৬ উইকেট। দুই ইনিংসে ২০ ওভার বল করে ৯৫ রানে ১৫ উইকেট! কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহামের পক্ষে এক ম্যাচে এটিই সেরা বোলিং-সাফল্য।
কাউন্টি ক্রিকেটে সর্বশেষ এক দিনে ১৫ কিংবা তারও বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন গ্লুস্টারশায়ার টম গডার্ড। ১৯৩৯ সালে কেন্টের বিপক্ষে ১০৬ রানে ১৭ উইকেট নিয়েছিলেন সাবেক এ ইংলিশ স্পিনার। সূত্র: রয়টার্স ও বিবিসি।