সাত উইকেটে জিতল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের যে ২১০ রান দিয়ে রোখা যাবে না, সেটা অনুমিতই ছিল। দারুণ ফর্মে থাকা কিউই ব্যাটসম্যানরা পাকিস্তানের মোটামুটি সংগ্রহকে পেরিয়ে গেলেন খুব সহজেই। ব্যাটসম্যানদের পেশাদার পারফরম্যান্সে তাদের জয়টা ৭ উইকেটের পরিষ্কার ব্যবধানেই।
পাকিস্তানের বেঁধে দেওয়া ২১১ রানের লক্ষ্যমাত্রাটা নিউজিল্যান্ড পেরিয়ে গেছে ৩৯.৩ ওভারেই। চতুর্থ উইকেট জুটিতে রস টেলর ও গ্র্যান্ট এলিয়াটের ১১২ রানের অবিচ্ছিন্ন জুটিটিই নিশ্চিত করে দেয় নিউজিল্যান্ডের বড় জয়। টেলর ৫৯ ও এলিয়ট ৬৪ রানে অপরাজিত থেকেই দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে।
২১০ রানের জবাবে শুরুটা মোটামুটিই হয় নিউজিল্যান্ডের। উদ্বোধনী জুটিতে ব্রেন্ডন ম্যাককালাম ও মার্টিন গাপটিল স্কোরবোর্ডে তোলেন ৩১ রান। ব্যক্তিগত ১৭ রানে বিলওয়াল ভাট্টির বলে আহমেদ শেহজাদের হাতে ধরা পড়েন ম্যাককালাম। অধিনায়কের বিদায়ের পর টম লাথাম ও গাপটিল গড়ে তোলেন ৪৪ রানের জুটি। মার্টিন মোহাম্মদ ইরফানের বলে ফেরেন বিলওয়ালের হাতে ধরা পড়ে। টম লাথামকে ফেরান শহীদ আফ্রিদি। লাথামের সংগ্রহ ছিল ২৩।
পাকিস্তানের পক্ষে বিলওয়াল ভাট্টি, মোহাম্মদ ইরফান ও শহীদ আফ্রিদি—প্রত্যেকেই নিয়েছেন একটি করে উইকেট। সূত্র: এএফপি।