সাত বছর পর প্রিমিয়ার লিগে রকিবুলের সেঞ্চুরি

এবার সেঞ্চুরিটা পেয়েই গেলেন রকিবুল হাসান। প্রাইম দোলেশ্বরের ব্যাটসম্যান আগের ম্যাচে মোহামেডানের বিপক্ষে অতি সাবধানী ব্যাটিং করেই সেঞ্চুরির সম্ভাবনা নষ্ট করেছিলেন। আজ আর সেই ভুল করেননি জাতীয় দলের বাইরে থাকা রকিবুল। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আক্রমণাত্মক ব্যাটিং করেই তুলে নিলেন লিস্ট ‘এ’ ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। ৯৬ বলে ঠিক ১০০ রান করেছেন রকিবুল। তাঁর সেঞ্চুরি এবং শচীন বেবি ও নাসির হোসেনের হাফ সেঞ্চুরিতে ভর করে প্রাইম দোলেশ্বর করেছে ৫ উইকেটে করেছে ৩৩৩ রান। এবারের লিগে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস এটি।
আজ ৪৯ বলে ফিফটি ও ৯৪ বলে সেঞ্চুরি ছোঁয়া রকিবুল লিস্ট ‘এ’ ম্যাচে সর্বশেষ সেঞ্চুরি পেয়েছিলেন ২০১০-১১ মৌসুমে জাতীয় লিগের ওয়ানডে আসরে। বগুড়ায় বরিশালের হয়ে খুলনা বিভাগের বিপক্ষে অপরাজিত ১০১ রান করেছিলেন রকিবুল। ঢাকা প্রিমিয়ার লিগে রকিবুল সর্বশেষ শেষ সেঞ্চুরি পেয়েছিলেন আরও বছর দেড়েক আগে ২০০৯ সালের এপ্রিলে। বিকেএসপিতে মোহামেডানের হয়ে পারটেক্স স্পোর্টিংয়ের বিপক্ষে ব্যাটিং ওপেন করে ১৭১ রানে অপরাজিত ছিলেন ৯টি টেস্ট ও ৫৫টি ওয়ানডে খেলা রকিবুল।
টস জিতে ব্যাটিং নেওয়া দোলেশ্বর প্রথম ওভারেই হারায় ওপেনার ইমতিয়াজকে। এরপর রনি তালুকদারকে নিয়ে ৭০ রানের জুটি ব্যাটিং ওপেন করা রকিবুলের। ১৩তম ওভারে রনির বিদায়ের পর ইনিংসের সবচেয়ে বড় জুটিটি শচীন বেবিকে নিয়ে গড়েন রকিবুল। তৃতীয় উইকেটে ১২৪ রান যোগ করেছেন দুজন। ৩৫তম ওভারে মুমিনুল হকের পঞ্চম বলটাকে লং অনে ঠেলে ২ রান নিয়ে সেঞ্চুরি পুরো করা রকিবুল আউট হয়েছেন পরের ওভারে। অফ স্পিনার এনামুল হককে ছক্কা মারতে চেয়েছিলেন রকিবুল, কিন্তু ডিপ মিডউইকেট থেকে অনেকটা বাঁয়ে দৌড়ে জুবায়ের হোসেন তালুবন্দী করেন বলটাকে।
এরপরই উইকেটে এসে নাসির হোসেনের ধুন্ধুমার ব্যাটিং। আজ মাত্র ৪২ বলেই ৯ চার ও ২ ছয়ে অপরাজিত ৭৪ রান করেছেন জাতীয় দলের ব্যাটসম্যান। আগের ম্যাচে একই মাঠে ৩৭ বলে ফিফটি ছোঁয়া নাসির আজ ৫০ পেরিয়েছেন মাত্র ৩১ বলে।
ইনিংসের শেষ ১৫ ওভারে দোলেশ্বর তুলেছে ১৩২ রান। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে মাত্র ২৯ বলেই ৫১ রান যোগ করেছেন নাসির ও জিয়া।