সাত সদস্যের নির্বাচক কমিটি!
সিদ্ধান্তটা মোটামুটি আগেই নেওয়া ছিল। কাল ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত ওয়ার্কিং কমিটির সভায় আনুষ্ঠানিকতা পেল তা। এখন পরিচালনা পর্ষদের অনুমোদন পেলেই বদলে যাবে বিসিবির নির্বাচক কমিটির কাঠামো। ওয়ার্কিং কমিটির সভার পর প্রস্তাবিত নতুন কাঠামো সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছেন কমিটির প্রধান এনায়েত হোসেন।
‘নির্বাচক কমিটি হবে চার সদস্যের। বর্তমান তিন নির্বাচকের দায়িত্বের মেয়াদ বাড়িয়ে তাঁদের সঙ্গে যোগ করা হবে জুনিয়র নির্বাচক কমিটিতে থাকা সাবেক ক্রিকেটার সাজ্জাদ আহমেদকে। জুনিয়র নির্বাচক কমিটিতে এহসানুল হকের সঙ্গে নতুন কাউকে দেওয়া হবে’—মুঠোফোনে জানিয়েছেন ওয়ার্কিং কমিটির প্রধান।
প্রস্তাবিত প্রক্রিয়ায় নির্বাচক কমিটি দল নির্বাচন করে ক্রিকেট পরিচালনা প্রধানের কাছে জমা দেবে। ক্রিকেট পরিচালনা প্রধান তখন চার নির্বাচক এবং কোচ ও টিম ম্যানেজারকে নিয়ে সভায় বসে দল চূড়ান্ত করবেন। বাধ্যতামূলক না হলেও প্রয়োজন মনে করলে অধিনায়ককেও মতামতের জন্য ডাকা হতে পারে এই সভায়। এখানে দল চূড়ান্ত করার পর সেটা বোর্ড সভাপতির অনুমোদনের জন্য পাঠানো হবে।
অর্থাৎ, চূড়ান্ত অনুমোদনের আগ পর্যন্ত দল নির্বাচনের প্রক্রিয়ায় সম্পৃক্ততা থাকবে অন্তত সাতজনের, অধিনায়ককে নির্বাচনী সভায় ডাকা হলে সংখ্যাটা আটে গিয়ে ঠেকবে। চার নির্বাচকের কমিটিতে প্রধান নির্বাচকের কোনো পদ থাকবে না বলেও জানিয়েছেন এনায়েত হোসেন, ‘ক্রিকেট পরিচালনা প্রধানই সমন্বয়কের ভূমিকায় থাকবেন।’ সাতজনের মধ্যে টিম ম্যানেজারও থাকায় দল নির্বাচন প্রক্রিয়ায় ক্রিকেট পরিচালনা প্রধানসহ যুক্ত থাকবেন মোট দুজন বোর্ড পরিচালক। সাবেক ক্রিকেটারদের মধ্য থেকে বোর্ড পরিচালক হওয়া কেউ পালাক্রমে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন, এই সিদ্ধান্ত আগেই নেওয়া।
নির্বাচক কমিটির কাঠামোতে আমূল পরিবর্তন আনার কারণটাও ব্যাখ্যা করেছেন এনায়েত হোসেন, ‘আগের পদ্ধতিতে প্রায়ই ভুল-বোঝাবুঝির সৃষ্টি হতো। কোচ-নির্বাচকদের মধ্যে মতপার্থক্য থেকে যাওয়ায় সব পক্ষ থেকেই নানা অভিযোগ আসত, যে কারণে নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বোর্ড কোনো স্পষ্ট ধারণা পেত না। নতুন এই প্রক্রিয়ায় সবার অংশগ্রহণ থাকায় আশা করি সেসব সমস্যা দূর হবে।’
ওয়ার্কিং কমিটির সভায় বোলিং রিভিউ কমিটির কাঠামোও চূড়ান্ত হয়েছে। ৭-৮ সদস্যের কমিটিতে একজন প্রধান তো থাকবেনই, বাকিদের মধ্যে স্বাধীন সদস্য থাকবেন তিনজন। সঙ্গে থাকবেন এক বা একাধিক বিশেষজ্ঞ কোচ, ফিজিও এবং কম্পিউটার বিশ্লেষক।