প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দরকার ছিল ২৫ রান। রাজশাহীর বিপক্ষে প্রথম ইনিংসে অলক কাপালি আউট হলেন ৪ রানে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলকটা অবশ্য দ্বিতীয় ইনিংসেই ছুঁয়ে ফেললেন জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যান। কাল খুলনায় রাজশাহীর বিপক্ষে ৩১ রান করার পথে ২১ রানের মাথায় মাইলফলকটি ছুঁলেন সিলেটের অলক। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তাঁর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ হাজার রান পেয়েছেন শুধু তুষার ইমরান ও রাজিন সালেহ। গত ৪ ফেব্রুয়ারি খুলনা-বরিশাল ম্যাচে তুষার ও ২৪ ফেব্রুয়ারি সিলেট-ঢাকা মহানগর ম্যাচে মাইলফলক পেরোন রাজিন। গতকাল পর্যন্ত ৭৭৯৬ রান নিয়ে তুষারই এগিয়ে আছেন, রাজিনের রান ৭৬২৮, অলকের ৭০১০। তুষার মাইলফলকটি ছুঁয়েছিলেন ১১৫ ম্যাচের ২০৭ ইনিংসে। রাজিন ১২২ ম্যাচের ২১৫ ইনিংসে। অলকের লাগল ১২৮ ম্যাচের ২১৮ ইনিংসে।