তামিম-সাকিবের আরেক অর্জন

বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের নামের পাশে সাত হাজার রান—কয়েক বছর আগেও এটা অভাবিত ছিল। গতকাল প্রথম বাংলাদেশি হিসেবে সাত হাজার ক্লাবে পা রেখেছেন তামিম ইকবাল। আজ সেই তালিকায় ঢুকে পড়লেন সাকিব আল হাসানও। সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে তামিম-সাকিব দুজনের নামের পাশেই এখন সাত হাজারেরও বেশি রান। তামিম করেছেন সাত হাজার ৭৫। সাকিব সাত হাজার ২২।
তামিমের চেয়ে সাকিবের অবশ্য একটা ইনিংস কম লেগেছে সাত হাজারি ক্লাবে ঢুকতে। যদিও ম্যাচ আবার সাকিব খেলেছেন বেশি। ২০২ ম্যাচে ২৩৪ ইনিংসে এই অর্জন পুরো করেন তামিম। ২০৭ ম্যাচে ২৩৩ ইনিংসে সাত হাজারি ক্লাবে ঢুকেছেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটাও ছুঁয়েছেন তামিম। মোহাম্মদ আশরাফুলের মতো তাঁরও এখন নয়টি সেঞ্চুরি। সাকিবের সেঞ্চুরি আটটি।
সাত হাজারি ক্লাবের সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন আশরাফুলই। ছয় হাজার ৬৫৫ রানে আটকে থাকা ক্যারিয়ারটি আবার পুনরুজ্জীবনের সুযোগ তিনি পাবেন কি না, সময়ই সেটি বলে দেবে। বাংলাদেশের পক্ষে আর মাত্র দুজন আন্তর্জাতিক ক্রিকেটে কমপক্ষে পাঁচ হাজার রান করেছেন। মুশফিকুর রহিমের রান পাঁচ হাজার ৮৯৩। হাবিবুল বাশার করেছেন পাঁচ হাজার ১৯৪।