সাতাশেই ছেড়ে দিলেন কিসওয়েটার

বয়স মাত্র ২৭। অনেকের আন্তর্জাতিক ক্যারিয়ারই শুরু হয় এই বয়সে। আর ক্রেগ কিসওয়েটার কিনা ক্রিকেটই ছেড়ে দিলেন! চোখের চোটে শেষ পর্যন্ত ক্রিকেট থেকে অবসর নিতেই বাধ্য হলেন ইংল্যান্ডের এই উইকেটকিপার-ব্যাটসম্যান।
গত বছর জুলাইয়ে কাউন্টিতে নর্দাম্পটনশায়ারের বিপক্ষে ব্যাট করার সময় হেলমেটের ভেতর বল ঢুকে গেলে নাক ও চোখে চোট পান সমারসেটের এই খেলোয়াড়। সেই চোট কাটিয়ে সেপ্টেম্বরে আবার ক্রিকেটে ফিরলেও বুঝতে পারেন দৃষ্টিশক্তি আগের মতো আর নেই। অবসরের সিদ্ধান্তটা সে কারণেই। কাল অমোঘ সেই ঘোষণা দিয়ে কিসওয়েটার বলেছেন, ‘চোখের চোট এবং এর ফলে আমাকে যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটির পর বুঝতে পারলাম মানসিকভাবে আর কখনো আগের মতো খেলোয়াড় হতে পারব না। এটা আমার জন্য কঠিন সিদ্ধান্ত, কিন্তু আমার ধারণা সঠিক সিদ্ধান্ত।’
দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত কিসওয়েটার ইংল্যান্ডের হয়ে ৪৬টি ওয়ানডেতে ৩০.১১ গড়ে ১০৫৪ রান করেছেন। ২৫টি টি-টোয়েন্টিতে ২১.৯১ গড়ে তাঁর ৫২৬ রান। ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে তাঁর ওয়ানডে অভিষেক হয়েছিল। ইংল্যান্ডের হয়ে সর্বশেষ খেলেছেন ২০১৩ সালে জানুয়ারিতে, ভারতের বিপক্ষে ওয়ানডেতে। রয়টার্স।