সাতে থেকেই চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ
সব ঠিক হয়ে গিয়েছিল আগেই। তবে বেঁধে দেওয়া সময়টা শেষ হয়েছে কাল। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে কাল পর্যন্ত যারা শীর্ষ আটে ছিল স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে তারাই খেলবে ২০১৭ সালের ১ থেকে ১৮ জুন পর্যন্ত অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে। ২০০৬ সালের পর বাংলাদেশ দলের চ্যাম্পিয়নস ট্রফিতে ফেরাটা এখন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত।
গত জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ হোম সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি জিতে বাংলাদেশ উঠে আসে র্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে। ৯৬ রেটিং পয়েন্ট নিয়ে এখনো ওখানেই অবস্থান মাশরাফির দলের। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে জুনে অষ্টম স্থান নিশ্চিত করে ফেলেছে পাকিস্তানও। তাদের রেটিং পয়েন্ট ৯০। ২ পয়েন্ট কম নিয়ে নবম স্থানে থাকা দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের খেলা হবে না চ্যাম্পিয়নস ট্রফিতে। চারটি করে দল নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির খেলা হবে দুই গ্রুপে। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনাল। টুর্নামেন্টের গ্রুপিং ও সূচি ঠিক হবে পরে।
নিজেদের সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ খেলেছিল বাছাইপর্বে।