সাতে নেমে নুরুলের ১৩৩

তাঁর উইকেটকিপিং নিয়ে কোনো প্রশ্ন নেই। নির্বাচকেরা বারবার আঙুল তুলেছেন নুরুল হাসানের ব্যাটিং নিয়ে। সম্ভাবনা জাগিয়েও এখনো বাংলাদেশ দলে জায়গাটা তাই পোক্ত করতে পারেননি ১ টেস্ট, ১ ওয়ানডে ও ৯ টি-টোয়েন্টি খেলা এই উইকেটকিপার ব্যাটসম্যান। কিন্তু বিকেএসপিতে বিসিএলের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে আজ সেঞ্চুরি করে নুরুল তাঁর সম্ভাবনার কথাটা জানিয়ে রাখলেন আরও একবার।
আগের দিনের ২ উইকেটে ১০৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। আগের দিনের অপরাজিত শাহরিয়ার নাফীস ফিরেছেন ৮০ আর তুষার ইমরান ৫৬ রানে। দক্ষিণাঞ্চলের আরেক ব্যাটসম্যান আল আমিন জুনিয়রও (৫২) পারেননি ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে। ২৬১ রানে দলের শীর্ষ ৬ ব্যাটসম্যান হারানো দক্ষিণাঞ্চলকে এগিয়ে নেন নুরুল। সপ্তম উইকেটে জিয়াউর রহমানের সঙ্গে গড়েন ৯৯ রানের জুটি। সাতে নেমে ১২৯ বলে ১৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে ৪৪৮ রানের বড় স্কোর গড়তে সহায়তা করেন এ উইকেটকিপার ব্যাটসম্যান। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর সপ্তম সেঞ্চুরি।
মধ্যাঞ্চলের দুই পেসার ইবাদত হোসেন ও আবু হায়দার নিয়েছেন তিনটি করে উইকেট। দুই উইকেট নেন বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন। বিনা উইকেটে ১৪ রান তুলে দিন শেষ করেছে ওয়ালটন মধ্যাঞ্চল।
সিলেটে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২১১ রানে। সর্বোচ্চ ৪৬* এসেছে নয়ে নামা বাঁহাতি পেসার মেহেদী রানার ব্যাট থেকে। আরিফুল হক, ফরহাদ রেজা ও শফিউল প্রত্যেকে পেয়েছেন ৩টি করে উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিসিবি উত্তরাঞ্চল দিন শেষ করেছেন বিনা উইকেটে ৩৬ রান তুলে।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল-ওয়ালটন মধ্যাঞ্চল, বিকেএসপি
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ১১৫.৪ ওভারে ৪৪৮ (নুরুল ১৩৩, শাহরিয়ার ৮০, তুষার ৫৬, আল আমিন জু. ৫২, আল আমিন ২৪, রাজ্জাক ২৩, জিয়া ২২; ইবাদত ৩/৮৭, হায়দার ৩/১০০, মোশাররফ ২/১২৮, রবি ১/২০, তানভীর ১/৫৬)। মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৭ ওভারে ১৪/০ (সাদমান ১০*, রবি ২*)।
বিসিবি উত্তরাঞ্চল-ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল, সিলেট
উত্তরাঞ্চল: ১৮৭ ও ৭ ওভারে ৩৬/০ (মিজানুর ১৯*, নাজমুল ১৬*)। পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৬৩.৪ ওভারে ২১১ (মেহেদী রানা ৪৬*, ইয়াসির ৪৫, সোহাগ ৩০, জাকির ২৭, খালেদ ২৬; আরিফুল ৩/৪৪, ফরহাদ রেজা ৩/৪৭, শফিউল ৩/৬৮, তাইজুল ১/৩৭)।