সাতে হয়ে গেল ২-০

একেকজন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান আম্পায়ারের আঙুল দেখছেন আর হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকছেন। একবার উইকেটে তাকান, নিচে তাকিয়ে দেখেন নিজের পজিশন, পেছনে তাকিয়ে স্টাম্প। কিছুই যেন বুঝে উঠতে পারেন না। একটু পরপরই একই দৃশ্যের পুনরাবৃত্তি। ছয়-ছয়জন প্রোটিয়া ব্যাটসম্যান এলবিডব্লু, সবাই সোজা বলে লাইন মিস করে। পাঁচটিই স্পিনে।
প্রথম ম্যাচের মতো কালও নরম, মন্থর উইকেট। বল আসে থেমে, হাঁটুর ওপরে ওঠে না। দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের ব্যাটসম্যানরাই এ ধরনের উইকেটে স্পিন খেলতে হিমশিম খান। আর এই অনূর্ধ্ব-১৯ দলের ছেলেদের হয়তো এমন উইকেটে খেলার অভিজ্ঞতা এই প্রথম। এই মানের স্পিনও কখনো খেলেনি। যা হওয়ার হচ্ছে তা-ই। আবারও স্পিনে ভরাডুবি যুব বিশ্ব চ্যাম্পিয়নদের।
তাই বলে বাংলাদেশের ছেলেদের কৃতিত্বকে খাটো করে দেখার অবকাশ নেই। উইকেট, কন্ডিশন পক্ষে বা স্পিনে দুর্বল প্রতিপক্ষ—এসব তো কাজে লাগাতে জানতে হয়। বাংলাদেশের যুবারা এই কন্ডিশনে পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছে স্পষ্ট করেই। বাংলাদেশের পাঁচ স্পিনারের সামনে প্রোটিয়া যুবাদের মনে হলো একদমই নবিশ। প্রথম ম্যাচে ৫ উইকেটে জয়ের পর কাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল জিতল ১৪০ রানে। এই দুই ম্যাচ দিয়ে শেষ যুব সিরিজের মিরপুর অধ্যায়। পরের দুটি ম্যাচ কক্সবাজারে, শেষ তিনটি চট্টগ্রামে।
আগের ম্যাচে রান তাড়ায় একটু অস্বস্তি থাকলেও কাল বাংলাদেশের ব্যাটিংও হলো দারুণ। শুরুটা যদিও খুব আশা-জাগানিয়া ছিল না। বাঁহাতি ওপেনার পিনাক ঘোষ যথারীতি খেলেছেন দারুণ কিছু শট। কিন্তু আবার আটকা ত্রিশের কোটায়, ৬ চারে ৩৩ করে রানআউট। সাইফ ও শফিউল ব্যর্থ আবারও। ২২তম ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৭২। বিপর্যয়ে আবারও আস্থা জোগায় নাজমুল হোসেনের ব্যাট, কথা বলেছে কাল জাকির হাসানের ব্যাটও। চতুর্থ উইকেটে দুজন গড়েন ১০৭ রানের জুটি। অধিনায়ক নাজমুল ফেরেন ১০৭ বলে ৭৯ রান করে। জাকির পরে ঝড় তোলেন সাইফুদ্দিনকে নিয়ে। ৬৫ বলে পঞ্চাশ ছোঁয়া উইকেটকিপার জাকির পরের ১৮ বলে করেছেন ৩১। ২৭ বলে ৪১ সাইফুদ্দিন। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে দুজন তোলেন ৪৮ বলে ৮০।
বাংলাদেশ আড়াই শ ছাড়ানোর পরই আসলে ম্যাচের ভাগ্য অনেকটা নিশ্চিত হয়ে যায়। স্পিনারদের দুর্দান্ত বোলিং নিশ্চিত করে বড় জয়। প্রথম উইকেটটিই শুধু নিয়েছেন পেসার আবদুল হালিম, বাকিগুলো স্পিনাররা। নতুন বল হাতে নেওয়া বাঁহাতি স্পিনার নিহাদের উইকেট ৩টি। দারুণ ইনিংসের পর অফ স্পিনে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা অধিনায়ক নাজমুল।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯: ৫০ ওভারে ২৫৯/৪ (সাইফ ৪, পিনাক ৩৩, নাজমুল ৭৯, শফিউল ৮, জাকির ৮১*, সাইফুদ্দিন ৪১*; হোয়াইটহেড ২/২৩, মাখানিয়া ১/৪৩); দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯: ৪৩.২ ওভারে ১১৯ (কাইল ৪৭, গালিয়েম ২৬, মাখানিয়া ১৯; নিহাদুজ্জামান ৩/২১, নাজমুল ২/৩, সালেহ ২/২১, মোসাব্বেক ২/২৩, হালিম ১/২৫)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ১৪০ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নাজমুল হোসেন।