সাদমান ফিরলেও মাহমুদুল-নাজমুলে এগোচ্ছে বাংলাদেশ

সাদমানকে আউট করার উদ্‌যাপন ওয়াগনারেরছবি: আইসিসির টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে ৩৫০ রানের ভেতরেই আটকে রাখা গেছে, এই তৃপ্তি তো আছেই। মাউন্ট মঙ্গানুইয়ে আজ টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে বাংলাদেশের ব্যাটিংও একেবারে খারাপ হচ্ছে না।

এই প্রতিবেদন লেখার সময়ে বাংলাদেশ ৩১ ওভারে ১ উইকেটে ৭০ রান নিয়ে চা বিরতিতে গেছে। ৪৩ রানের উদ্বোধনী জুটি গড়ার পর উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম আউট হয়ে গেলেও আরেক উদ্বোধনী ব্যাটসম্যান মাহমুদুল হাসান ও তিনে নামা নাজমুল হোসেন বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন।

টিম সাউদি, ট্রেন্ট বোল্টদের বল বাংলাদেশের ব্যাটসম্যানদের একেবারেই ভোগাতে পারেনি, ব্যাপারটা এমন নয়। কখনো ব্যাটের কানায় বাতাস লাগিয়ে গেছে, তো কখনো পরাস্ত হয়েছেন ব্যাটসম্যান। তবে সেসব একপাশে রেখেও আজ বাংলাদেশের ব্যাটিং দারুণই হয়েছে।

৩ ওভারে বিনা উইকেটে ৫ রান নিয়ে মধ্যাহ্নবিরতি থেকে ফেরার পর চতুর্থ বলেই বোল্টকে চার মেরে শুরু করেন মাহমুদুল হাসান। ষষ্ঠ ওভারে বোল্টকে চার মারেন সাদমানও। ওই তিন ওভারেই আসে ১৭ রান!

এরপর দেখেশুনে খেলে, এক-দুই নিয়েই এগিয়ে যাচ্ছিলেন সাদমান-মাহমুদুল। এর মধ্যে ১৬তম ওভারে অবশ্য মাহমুদুলের ভালো পরীক্ষা নেন সাউদি। একটা চার হয়েছে সে ওভারে, সেটিও ব্যাটের কানায় লেগে। এর বাইরে দু-তিনটি বলে মাহমুদুলকে বেশ অস্বস্তিতে ফেলেন সাউদি।

কিন্তু সে যাত্রায় বাংলাদেশের উইকেট না পড়ার স্বস্তি দুই ওভার পরই উধাও। ১৯তম ওভারের প্রথম বলে নিল ওয়াগনারের নিচু হয়ে আসা ফুলটসে ধরা পড়লেন সাদমান। টাইমিং ঠিক হয়নি, ব্যাটের কানায় লেগে বল যায় ওয়াগনারেরই হাতে। সাদমান ফেরেন ৫৫ বলে ১ চারে ২২ রান করে, জুটি ভাঙে ৪৩ রানে।

দিনের শুরুতে মিরাজের ধাক্কায় নিউজিল্যান্ডকে দ্রুতই অলআউট করে দিয়েছে বাংলাদেশ
ছবি: আইসিসির টুইটার

নাজমুলকে নিয়ে এরপর দেখেশুনেই খেলছেন মাহমুদুল। ২১তম ওভারে অবশ্য মাহমুদুলের এলবিডব্লুর জোর আবেদন করেছিল নিউজিল্যান্ড। সে যাত্রায় ভাগ্যই বাঁচিয়েছে বাংলাদেশকে। আম্পায়ার আউট দেননি, রিভিউও নেয়নি নিউজিল্যান্ড। কিন্তু পরে রিপ্লেতে দেখা যায়, রিভিউ নিলে আউট হতেন মাহমুদুল। ওয়াগনারের বলটা স্টাম্পেই আঘাত করত।

এরপর থেকে মূলত এক-দুই রানে ভর করেই খেলছেন বাংলাদেশের দুই ব্যাটসম্যান। নাজমুল অবশ্য ওয়াগনার ও জেমিসনকে দুটি চার মেরেছেন, মাহমুদুল আরও একটি চার মেরেছেন জেমিসনকে।

এই মুহুর্তে মাহমুদুল অপরাজিত ৩২ রানে, তাঁর ৯২ বলের ইনিংসে ৩টি চার। নাজমুল ৩৯ বলে ২ চারে ১২ রান করে অপরাজিত।