সাদমানে উজ্জ্বল ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএলে অভিষেক হলো কাল। তবে সাদমান ইসলামের ব্যাটে স্নায়ুচাপের কোনো চিহ্নই দেখা গেল না। প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে নেমেই দলকে জয় এনে দিয়েছেন ঢাকা ডায়নামাইটসের বাঁহাতি ব্যাটসম্যান। সাদমানের ব্যাটে চড়েই ব্যাটসম্যানদের ‘বধ্যভূমি’তে পরিণত হওয়া মিরপুরে সাঙ্গাকারার দল জিতল ৬ উইকেটে।
বিপিএলে কাল রংপুর রাইডার্স-সিলেট সুপারস্টারসের ম্যাচে ব্যাটসম্যানদের থরহরিকম্প দেখে অনুমান করা গিয়েছিল, উইকেটের চরিত্র ঠিক থাকলে রাতের ম্যাচে ব্যাটসম্যানদের দুর্ভোগ আরও বাড়ছে। অনুমান সত্যি হলো আংশিক। রাতের ম্যাচে চিটাগং ভাইকিংসের ব্যাটসম্যানরা কাঁপলেন, ঢাকা ডায়নামাইটসের নয়! ম্যাচের ফল তাই ঢাকার পক্ষেই। চিটাগংয়ের দেওয়া ৯৩ রানের লক্ষ্য ঢাকা পেরিয়ে গেল ১৭ বল হাতে রেখেই।
ছোট লক্ষ্য তাড়া করতে গিয়ে পা হড়কানোর উদাহরণ হামেশাই মিলছে এবার বিপিএলে। তবে ঢাকা ভুল করেনি। সাবলীলভাবেই এগিয়েছেন দুই ওপেনার সৈকত আলী ও সাদমান। উদ্বোধনী জুটিতে এল ৪৫। দ্বিতীয় উইকেটে ৩৩ রান যোগ করে কাজটা এগিয়ে নিলেন সাদমান-নাসির। শেষ পর্যন্ত ৪৭ বলে ৪৫ রান করে আউট হয়েছেন সাদমান।
নিজেদের প্রথম তিন ম্যাচে ইনিংসপ্রতি গড়ে ১৮১ রান করা চিটাগংয়ের ব্যাটিং অদ্ভুত ছন্নছাড়া দেখাল। তিলকরত্নে দিলশান ২০, ইয়াসির আলী ১৪ ও নাঈম ইসলামের অপরাজিত ২৯-চিটাগংয়ের ইনিংসের সারমর্ম এটাই। বাকি আটজন মিলে করেছেন ২১!
শুরুটা আবুল হাসান ও ফরহাদ রেজা করলেও চিটাগংয়ের আসল সর্বনাশ করেছেন নাসির হোসেন ও মুস্তাফিজুর রহমান। দুজনের ‘ঘূর্ণি বিষে’ নীল হয়েছে চিটাগং! অফস্পিনে নাসির পেয়েছেন ১২ রানে ৩ উইকেট। একের পর এক কাটারে নাকাল করে ১৪ রানে মুস্তাফিজও পেয়েছেন ৩ উইকেট। কাটারকে যেভাবে নিখুঁত শিল্পে পরিণত করছেন, মুস্তাফিজের গায়ে ‘কাটার মাস্টার’ তকমাটা বুঝি লেগেই গেল!
সংক্ষিপ্ত স্কোর
চিটাগং ভাইকিংস: ১৮.৪ ওভারে ৯২ (তামিম ১, দিলশান ২০, এনামুল ১, ইয়াসির ১৪, নাঈম ২৯*, আমির ২, মেন্ডিস ১, জিয়া ৯, শফিউল ১, এনামুল জু. ২, আজমল ৪; রেজা ১/৭, হাসান ১/১৪, মুস্তাফিজ ৩/১৪, মোশাররফ ১/১৮, ইয়াসির ১/২৬, নাসির ৩/১২)
ঢাকা ডায়নামাইটস: ১৭.১ ওভারে ৯৬/৪ (সৈকত ২৩, সাদমান ৪৫, জামশেদ ১২, নাসির ২, হাসান ৫*, সাঙ্গাকারা ৫*; আমির ০/১৬, আজমল ০/১২, শফিউল ১/২৩, এনামুল জু. ০/১৩, দিলশান ০/২৪, নাঈম ৩/৭)।
ফল: ঢাকা ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সাদমান ইসলাম (ঢাকা)।