সাদমানের অভিষেক, ব্যাটিংয়ে বাংলাদেশ

>মিরপুর টেস্টে টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ
মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। ধবলধোলাইয়ের লক্ষ্যে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে সাকিব–বাহিনী। চোটে পড়া ইমরুল কায়েসের জায়গায় টেস্ট অভিষেক হয়েছে ওপেনার সাদমান ইসলামের। সৌম্য সরকারের সঙ্গে জুটি বেঁধে সাদমান শুরু করেছেন বাংলাদেশের ইনিংস।
সাদমানের অন্তর্ভূক্তির পাশাপাশি দলে এসেছেন লিটন দাস। অনুশীলনের সময় আঙুলে চোট পাওয়ায় মুশফিক কিপিং করতে পারবেন কিনা, এ দোলাচলেই তাঁর দলে আসা। বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। সিম বোলিংয়ের কাজটা হয়তো করতে হবে সৌম্যকেই। চট্টগ্রামের মতো ঢাকাতেও চার স্পিনার দিয়ে ক্যারিবীয়দেরে ঘায়েলের লক্ষ্য স্টিভ রোডসের দলের। তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ আর নাঈম হাসানরা প্রস্তুত চট্টগ্রামের মতোই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের বিপাকে ফেলতে।
বাংলাদেশ দল: সাদমান, সৌম্য, মুমিনুল, মিঠুন, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, লিটন, তাইজুল, নাঈম, মিরাজ