সাদমানের আরেকটি ফিফটি
আগের ম্যাচে আউট হয়েছিলেন ৫৬ রান করে। সাদমান ইসলাম কাল এগিয়েছেন আরেকটু। তবে ৬৬ রান করে কাটা পড়েছেন রানআউটের খাঁড়ায়। এই বাঁহাতি ওপেনার ছাড়া রান পাননি দলের আর কেউ। শ্রীলঙ্কায় দ্বিতীয় যুব টেস্টের প্রথম দিনটি তাই খুব ভালো কাটেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। পাল্লেকেলেতে টস জিতে প্রথম দিনে ৭৩ ওভার খেলে বাংলাদেশ যুবদল করেছে ৫ উইকেটে ১৬৮।
১০ চারে ১১৬ বলে ৬৬ করে সাদমান যখন ফিরলেন, দলের সেটি প্রথম উইকেট। আরেক ওপেনার সাইফ হাসান আঁকড়ে ছিলেন উইকেট। উদ্বোধনী জুটি ৯০ রানের। কিন্তু এরপর আর বলার মতো জুটি হলো না একটিও। ১২৮ বলে ২৩ রান করে দামিথ সিলভার বাঁহাতি স্পিনে বোল্ড সাইফ। অধিনায়ক মেহেদি হাসানকে (১৭) ফিরিয়েছেন হিমেশ রমানায়েকে। নাম দেখে মনে প্রশ্ন জাগলে আপনার অনুমান সঠিক। এই হিমেশ সাবেক লঙ্কান পেসার ও বাংলাদেশের সাবেক বোলিং কোচ চম্পকা রমানায়েকের ছেলে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জয়রাজ শেখ আবারও ইঙ্গিত দিচ্ছিলেন বড় কিছুর, কিন্তু শেষ বিকেলে ফিরে গেছেন ৩১ রানে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১ম ইনিংস: ৭৩ ওভারে ১৬৮/৫ (সাইফ ২৩, সাদমান ৬৬, মুনিম ১৪, জয়রাজ ৩১, মেহেদি ১৭, সাইফুদ্দিন ৬, শাহানূর ২*; পেইরিস ১/২২, রমানায়েকে ১/২৭, সিলভা ১/৪৫, কুমারা ১/৫৪)।