সাদা পতাকা ওড়ালেন হাথুরুসিংহে

একটা অস্বস্তির গুমোট বাতাস। কোথায় বাংলাদেশ দল বিশ্বকাপের সুখস্মৃতি তারিয়ে তারিয়ে উপভোগ করবে, হুট করে একটা অস্বস্তিকর পরিবেশ। কোচের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগই এনে বসলেন ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান। এর পর পাকিস্তান সিরিজের প্রস্তুতি নিয়ে ডাকা সভাতেও হাজির হলেন না কোচ-অধিনায়কেরও কেউই। সাদা চোখে দেখলে মনে হয়-‘নাঈমুর বনাম হাথুরুসিংহে’। অস্বস্তিকর খবর তো বটেই।
বিষয়টি নিয়ে এই প্রথম মুখ খুললেন কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। কথায় কথা বাড়ে। আর সে কারণেই হয়তো বিষয়টি এখানেই শেষ করে ক্রিকেটে সবার মনোযোগ ফেরাতে বললেন। দলই তো সবার আগে। দলের স্বার্থটাই বড় কথা।
সমস্যার শুরু বিশ্বকাপের পর পরই। দল নির্বাচন নিয়ে সংবাদমাধ্যমে মুখ খোলায় হাথুরুসিংহেকে ‘অপরিপক্ব’ বলেছিলেন নাঈমুর রহমান। পরিচালনা কমিটির আরেকটি একটি নির্দেশনা ছিল, ‘চেইন অব কমান্ড’ না ভেঙে হাথুরু যেন বোর্ড সভাপতির সঙ্গে সরাসরি যোগাযোগ কমিয়ে আনেন। কিন্তু কোচ আমলে নেননি সেই নির্দেশনাও। কাউকে না জানিয়েই দেখা করেছেন বোর্ড সভাপতির সঙ্গে। বোর্ডের পদবিন্যাস অনুযায়ী কোচের সরাসরি ‘বস’ নাঈমুর। কিন্তু হাথুরুর সঙ্গে যোগাযোগ নেই নাঈমুরের। এটা কি তাহলে কোনো অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত দেয়?
প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল অনেক দিন ধরেই। দলের স্বার্থেই কোচ যেন শান্তির সাদা পতাকাই উড়িয়ে দিলেন। বললেন, ‘এটা খুবই স্পর্শকাতরই বিষয়। এ নিয়ে তাই বেশি কিছু বলতে পারব না। দল যখন ভালো করছে, সে সময়ই এ ধরনের কিছু ঘটনা দলের মনোযোগ অন্য দিকে ঘুরিয়ে দিচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। দল এখন ভালো করছে। অন্য বিষয়গুলোতে মাথা না ঘামিয়ে, আমাদের মনোযোগ সেখানেই থাকা উচিত।’
শ্রীলঙ্কান এই কোচের বক্তব্য, ‘নিজের কর্মক্ষেত্রে কী হয়েছে, তা নিয়ে আমি প্রকাশ্যে আলোচনা করতে চাই না। এই প্রশ্নটার সঙ্গে ক্রিকেটের কোনো সম্পর্কই নেই। আমাদের এখন লক্ষ্য হওয়া উচিত দলের ভালো খেলার দিকে। এসব অপ্রাসঙ্গিক আলোচনায় সময় নষ্ট করলে, আমার মতে, সেটা হবে খেলোয়াড়দের প্রতি অবিচার করা।’