সাদা বলে রঙিন, রঙিন বলে সাদা - কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ টেস্ট খেলে ওয়ানডের মেজাজে! ছবি: প্রথম আলো
বাংলাদেশ টেস্ট খেলে ওয়ানডের মেজাজে! ছবি: প্রথম আলো
>

বাংলাদেশ দলের সমস্যাটা ধরতে পেরেছেন টেন্ডাই চাতারা। আজ কোচ স্টিভ রোডসও বলে গেলেন, চাতারা সঠিক রোগ নির্ণয় করেছেন!

টেন্ডাই চাতারা কাল একবাক্যে বাংলাদেশের সমস্যাটা বিশ্লেষণ করেছেন। বাংলাদেশ টেস্ট ক্রিকেটটাও ওয়ানডের মতো করে খেলতে চাইছে! এমন নয়, চাতারা খোঁচা মেরে কথাটা বলেছেন। এমন নিষ্প্রভ ভঙ্গিতে বললেন, মনে হলো, বন্ধুর সামান্য সমস্যায় অন্য বন্ধু পরামর্শ দিচ্ছে।

অন্য ড্রেসিংরুমে বসে চাতারা যেটি ধরে ফেলতে পেরেছেন, স্টিভ রোডস কি খুব কাছে থেকে শিষ্যদের দেখে তা বুঝবেন না? বাংলাদেশের কোচ হিসেবে নিজের অভিষেক টেস্টে দেখেছেন ৪৩ রানে বাংলাদেশকে অলআউট হতে। ওয়েস্ট ইন্ডিজ সফর, এশিয়া কাপ, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ পেরিয়ে আবার যখন তাঁর ঘরের মাঠে টেস্ট অভিষেক, রোডস আবারও দেখলেন, কীভাবে হুড়মুড় করে ভেঙে পড়ছে বাংলাদেশ!

অসুখটা অবশ্য নতুন নয়। এই সিরিজের আগে বাংলাদেশ টেস্টে যে ১২ ইনিংসে ব্যাট করেছে, এর ৯ বারই ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি। আজ করেছে ৫১ ওভার ব্যাটিং। তবু ১৫০ পেরোতে পারেনি দল। এ নিয়ে টেস্টে টানা সাত ইনিংসের ছয়টিতে বাংলাদেশ ১৫০ করতে পারল না। টানা ১২ ইনিংসে ২০০ পেরিয়েছে মাত্র দুবার! সর্বশেষ সাত ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানদের মাত্র দুটি ফিফটি!

ওয়ানডেতে সাদা বলের খেলায় যে বাংলাদেশ এত উজ্জ্বল, তারাই টেস্টের রঙিন বলে খেলতে নেমে কেন এত সাদামাটা হয়ে যায়! উত্তরটা স্টিভ রোডসও খুঁজছেন, ‘টেস্ট দলের ব্যাটিং ভালো করতে হবে জরুরি ভিত্তিতে। মানলাম ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে ওই দুটি টেস্ট বাংলাদেশের জন্য কঠিন ছিল, কিন্তু এখানে প্রথম ইনিংসে তো আমরা নিজেদের উইকেটেই খেলেছি। এটা তাই হতাশার। এমন উইকেটে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডও ভুগেছে, সেদিক দিয়ে দেখলে আমাদের ব্যাটসম্যানদের প্রতি নির্মম সমালোচনা করা বোধ হয় ঠিক হবে না। ওরা ভালো করার খুব চেষ্টা করছে। আমি জানি ওরা কত ভালো ব্যাটসম্যান। ওদের প্রতি আস্থা দেখাতে হবে। আজ কিন্তু আমাদের দুই ওপেনার অন্যভাবে খেলেছে, দেখলেই বুঝবেন। এটা আগামীকালও ধরে রাখতে পারলে আমার ধারণা দারুণ জমজমাট একটা ম্যাচ হবে।’

চাতারার কথাটাও মেনে নিলেন রোডস, ‘চাতারা বলেছে আমরা ওয়ানডে মেজাজে খেলেছি। পুরো সপ্তাহ ধরে কিন্তু আমাদের চেষ্টা ছিল সাদা বলের শটগুলো (আক্রমণাত্মক) ব্যাটসম্যানদের মাথা থেকে বের করা নিয়ে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, প্রথম ইনিংসে আমরা তেমন বেশ কিছু শট খেলে ফেলেছি। দলটা এখনো শিখছে, আর অভিজ্ঞদের তো বারবার সবকিছু স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। ওদের শুধু এতটুকু বলি, অন্যভাবে খেললে তোমাদের ব্যাটিং গড়াটা কত ভালো হতো। তারাও জানে, ওদের সুযোগ কাজে লাগিয়ে বড় ইনিংস খেলা উচিত ছিল। কিন্তু সব সময় তো তা হয় না। তবে ওদের সামনে সুযোগ আছে সবকিছু শুধরে নেওয়ার। তাইজুলসহ স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে রাহির খেলা মিলিয়ে আমরা এখনো এমন জায়গায় আছি, যেখানে ম্যাচ এখনো যেকোনো দিকেই যেতে পারে।’

কিন্তু দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশকে ওয়ানডের ভূত পেয়ে বসবে না, তার নিশ্চয়তা কী? এটা ভেবেই হয়তো রোডস দ্বিতীয়বার কথাটা মনে করিয়ে দিলেন, ‘চাতারা ঠিকই বলেছে। আমরা সাদা বলের ব্যাটিং করে ফেলেছি, তখন আমাদের করা উচিত ছিল নড়ছে চড়ছে এমন লাল বলের শট খেলা।’