গায়ের রং কালো। কিন্তু মনের ভেতরটা ধবধবে সাদা। ওয়েস্ট ইন্ডিয়ানদের সম্পর্কে এই কয় দিনে আমার এটাই ধারণা। গ্রেনাডা, সেন্ট কিটসের পর সেন্ট ভিনসেন্টে এসেও এখনো একটাও খারাপ মানুষের দেখা পেলাম না। এটিকে যতটা না নিজের সৌভাগ্য মনে হয়, তার চেয়ে বেশি উপলব্ধি হলো এখানকার মানুষগুলো আসলেই ভালো।
বিদেশ সফরে এসে সচরাচর গণপরিবহনে চড়া হয় না। শহরের ভেতরে এখান থেকে সেখানে যেতে ট্যাক্সিই নিই আমরা। তো সেদিন অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও রাস্তায় কোনো ট্যাক্সি পেলাম না। রাতও হয়ে যাচ্ছে। অগত্যা বাধ্য হয়েই বাংলাদেশের তিন সাংবাদিক আর সিরিজের কো-স্পনসর প্রতিষ্ঠানের এক কর্মকর্তা হোটেলে ফেরার জন্য বাসে উঠলাম। বাস মানে বড়সড় মাইক্রোবাস। সেন্ট কিটসের প্রাণকেন্দ্র কিংসটাউন থেকে ছাড়া এসব বাসই এখানে গণপরিবহনের চাহিদা মেটায়।
তো রাতের অন্ধকারে কখন যে বাস আমাদের ঠিকানা প্যারাডাইস বিচ হোটেল পেরিয়ে গেছে, খেয়ালই করিনি। ব্যাপারটা ধরা পড়া মাত্রই ভয়ে ভয়ে ড্রাইভারকে বলা হলো। ব্যাটা নির্ঘাৎ রেগেমেগে রাতের অন্ধকারে পথেই নামিয়ে দেবে! কিন্তু না, আমাদের অবাক করে দিয়ে তিনি গাড়ি অনেকটা পথ ঘুরিয়ে নিয়ে গেলেন প্যারাডাইস বিচ হোটেলের সামনে। আরও বিস্ময়কর হলো, এতটা পথ পেছনে ফিরে যাওয়া নিয়ে বাসের অন্য যাত্রীরা কোনো বিরক্তিই প্রকাশ করল না।
ট্যাক্সিতে ট্রাইপড ফেলে এসেছিলেন বাংলাদেশের এক টেলিভিশন সাংবাদিক। ট্যাক্সিচালক পরে সেটা নিজ দায়িত্বে হোটেলে দিয়ে গেছেন। ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ কাভার করেই দেশে ফিরে যাওয়া আরেক সাংবাদিক হোটেলে ফেলে গিয়েছিলেন ব্যবহার্য কিছু জিনিসপত্র। সেগুলো খুঁজে পেয়ে হোটেলমালিক ফ্লাইট ছাড়ার আগেই বিমানবন্দরে তাঁর হাতে পৌঁছে দিয়েছেন। হোটেল মালিকের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ওয়েস্ট ইন্ডিজ ছেড়ে গেছেন ওই সাংবাদিক।
গ্রেনাডা, সেন্ট কিটস এবং সেন্ট ভিনসেন্টে এই কয় দিনের অভিজ্ঞতা থেকে এ রকম আরও অনেক উদাহরণ দেওয়া যায়। তবে ভালো মানুষ কম দেখে অভ্যস্ত তো, এখানে এত বেশি ভালো মানুষ দেখে মাঝেমধ্যে হাঁপিয়ে উঠি। এরা এত ভালো কেন!
একটা কারণ বোধ হয় এ দেশের মানুষ গান শোনে প্রচুর। সংগীত মানুষের মনে আনন্দ আনে। ক্যারিবিয়ানদের মনে হয় শরীরেও আনে। নইলে গানের তালে তালে শরীর বাঁকিয়ে অমন নাচ নাচে কীভাবে! আর যারা সব সময় এমন আনন্দের মধ্যে থাকে, তারা খারাপ হতেই পারে না।
এর আগে আপনাদের চিল স্পট বার অ্যান্ড গ্রিলের ডুইট ডগলাসের কথা বলেছি। তাঁর ভাষায় ক্রিকেট দেখা আর ক্যারিবীয় রাম পান করাই নাকি এই অঞ্চলের মানুষের দুটি প্রধান কাজ। আমার ধারণা, আরেকটা জিনিসের কথা তিনি বলতে ভুলে গেছেন। সেটা হলো ওই গান শোনা। ছেলে-বুড়ো সবাই এখানে গানের পাগল। সবাই একই ধরনের গান শোনে, সবাই একই ধরনের গানের তালে মাথা ঝাঁকায়। ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভোরা হয়তো হেড ফোনে গান শোনেন। নইলে বাসা-বাড়ি-গাড়ি সব জায়গাতেই ক্যারিবীয়রা এমন উচ্চ স্বরে গান শোনে যে কানে তালা লেগে যাওয়ার উপক্রম হয়।
ধুমধাড়াক্কা টাইপ এসব গানের সব কথাই আপনি বুঝবেন না। তবে সেন্ট কিটসের মাঠে শোনা একটা গানের সুর এখনো কানে ভাসে। ভাসে কারণ গানের সুরটা খুবই পরিচিত। কিশোর কুমারের গাওয়া হিন্দি সিনেমা ‘মুকাদ্দার কা সিকান্দার’-এর গান, ‘ও সাথিরে...তেরা বিনা ভি কেয়া জিনা...’-এর সঙ্গে দারুণ মিল। গায়ানিজ ভাষায় হুবহু এই গানটা আছে। এবং ওয়েস্ট ইন্ডিয়ানদের দাবি এটা তাদেরই অনেক পুরোনো একটা গান। ঠিক একই সুরের যে একটা হিন্দি গানও আছে, সেটা অনেকে বিশ্বাসই করতে চাইল না। তাদের বিস্ময়ভরা পাল্টা প্রশ্ন, ভারত এ গান কোত্থেকে পেল! গায়ানিজ ভাষায় আরেকটা গান আছে, ‘এ বাঙালি বাবু...ও বাঙালি বাবু’। বাঙালিদের শুনে ভালো লাগতে পারে, এটা নাকি গায়ানিজ ক্রিকেটার শিবনারায়ণ চন্দরপলের প্রিয় গানগুলোর মধ্যে একটি।
ওয়েস্ট ইন্ডিজের মানুষ ভালো। তাদের উচ্চগ্রামে গান শোনা আর শরীর দোলানো নাচে তাদের আমুদে চরিত্রের দেখা মেলে। কিন্তু সমস্যা এক জায়গাতেই। জগতের সব কিছুর ব্যাপারেই এরা বড় উদাসীন। সেন্ট ভিনসেন্টের প্যারাডাইস বিচ হোটেলে ওঠার পর আবিষ্কার করলাম, আমার বাথরুমে ভেতর থেকে দরজা বন্ধ করার কোনো ব্যবস্থা নেই। ছিটকিনি জাতীয় একটা কিছু ছিল। এখন সেটার স্মৃতিচিহ্ন হয়ে মরিচার দাগটাই কেবল আছে দরজার গায়ে। সমস্যার কথাটা হোটেলের ম্যানেজার বেন্টনকে জানাতেই বিশালদেহি ভদ্রলোক এক গাল হেসে বললেন, ‘ওহ ম্যান...তুমি একা মানুষ রুমে থাকবে, তোমার বাথরুমে লকের দরকার কী!’ আমি তো হতভম্ব! একা থাকব বলে বাথরুমের দরজা খোলা থাকবে? বললাম, ‘আমার ঘরে তো কোনো অতিথিও আসতে পরে, তখন?’ বেন্টনের হাসি ততক্ষণে আরও চওড়া, ‘আমি তোমার সমস্যাটা বুঝতে পেরেছি...হা হা হা।’ পরে অবশ্য ওই রুমটাই বদলে দিয়েছেন বেন্টন। এখন দেখা হলেই জিজ্ঞেস করছেন, ‘বাথরুম ঠিক আছে তো?’ হা হা হা...।
একি! আমিও ওয়েস্ট ইন্ডিয়ানদের মতো হয়ে গেলাম নাকি!