উত্থান-পতনের রোমাঞ্চে ঠাসা ম্যাচটির ফল হয়ে যেতে পারত শেষ ওভারেই। সেটা না হয়ে যে সুপার ওভার পর্যন্ত গড়াল, তার পেছনে কতটা ক্রিস ওকসের কৃতিত্ব আর কতটা পাকিস্তানি ব্যাটসম্যানদের ব্যর্থতা, সেটি নিয়ে বিতর্ক হতে পারে। তবে সুপার ওভারে ইংল্যান্ডের নাটকীয় জয় আরও একবার একটা সত্য সামনে এনে দিল, যেকোনো ম্যাচ যেকোনো পরিস্থিতিতে জমিয়ে তুলতে এখনো পাকিস্তানের জুড়ি নেই কোনো!
পরশু শারজায় ইংল্যান্ডের ১৫৪ তাড়া করতে নেমে জয়ের জন্য পাকিস্তানের শেষ ওভারে দরকার ছিল ১০ রান। ওভারের দ্বিতীয় বলেই ছক্কা মেরে হিসাবটা অনেক সহজ করে ফেলেন সোহেল তানভীর। ২ বলে যখন ২ রান দরকার, তখনই আউট হয়ে যান অন্য ব্যাটসম্যান শোয়েব মালিক। সমীকরণটা দাঁড়ায়—১ বলে ২। শেষ বলটা ব্যাটে লাগাতে না পারলেও উইকেটরক্ষক বাটলারের হাতে বল রেখেই দৌড়ে একবার প্রান্ত বদল করলেন দুই ব্যাটসম্যান। ম্যাচ গড়াল সুপার ওভারে। ক্রিস জর্ডানের করা সুপার ওভারে ৩ রানের বেশি করতে পারেননি শহীদ আফ্রিদি-উমর আকমল। আফ্রিদির পাঁচ বলেই ইংল্যান্ডকে লক্ষ্যে পৌঁছে দেন মরগান-বাটলার।
তিন ম্যাচের সিরিজে ইংল্যান্ড আগেই এগিয়ে ছিল ২-০ ব্যবধানে। পরশু সুপার ওভারে আরও একটা জয়ের পর টি-টোয়েন্টির র্যাঙ্কিংয়েও চারে উঠে এসেছে ইংল্যান্ড। অথচ সিরিজ শুরুর আগেও তারা ছিল ৮ নম্বরে। অন্যদিকে সিরিজ শুরুর আগে দুইয়ে থাকা পাকিস্তান কোনো ম্যাচ না জেতায় নেমে গেছে ৬ নম্বরে। অথচ টি-টোয়েন্টি ক্রিকেটে বরাবরই পাকিস্তান খুব শক্তিশালী দল, বছরের শুরুতেও র্যাঙ্কিংয়ের এক নম্বরে ছিল তারা। টি-টোয়েন্টি সিরিজের আগে ৩-১ ব্যবধানে পাকিস্তানকে ওয়ানডে সিরিজেও হারিয়েছে ইংল্যান্ড। সব মিলিয়ে বিশ্বকাপের পর সীমিত ওভারের ক্রিকেটে বদলে যাওয়া এক ইংল্যান্ডকেই দেখা যাচ্ছে।
অবশ্য পরশু প্রায় হেরে যাওয়া ম্যাচ জেতায় ভাগ্যেরও ভূমিকা আছে বলে মনে করছেন ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান, ‘আমি মনে করি না আজ আমাদের জেতার কথা ছিল। কিন্তু সুপার ওভারটা দারুণ ছিল। এই সিরিজ জয়টা আমাদের অগ্রগতির জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
ইংল্যান্ডের প্রশংসা করেছেন পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদিও। তবে এর চেয়ে বেশি করেছেন আত্মসমালোচনা, ‘ইংল্যান্ড যতটা ভালো খেলেছে, আমরা ততটাই খারাপ খেলেছি। আমাদের আরও অনেক জায়গায় উন্নতি করতে হবে এবং সেটা করতে হবে খুব দ্রুত।’
শুধু পরশুর ম্যাচ নয়, পুরো সিরিজে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে হতাশ কোচ ওয়াকার ইউনিস, ‘এটা আমাদের জন্য বড় সতর্কবার্তা। এমন অনেক কিছু দেখেছি, যা আগে এত স্পষ্ট ছিল না। দুই দলের মধ্যে স্পষ্ট ব্যবধান ছিল। এই সিরিজে আমাদের পারফরম্যান্স ছিল খুবই সাদামাটা। এটা নিয়ে গুরুতর পর্যালোচনার দরকার আছে।’ এএফপি।