সাধারণ বলেই অসাধারণ তাইজুল

ব্যাট করতে যখন নামছেন, তামিম ইকবাল বললেন, ‘আমার গ্লাভস নিয়ে যাবি?’ তাইজুল ইসলামের হাতে তখন যে ব্যাটটি ধরা, সেটি মুশফিকুর রহিমের। তামিমের গ্লাভসও নিয়ে নিলেন। আধঘণ্টা পরে তাইজুল যখন ফিরলেন ড্রেসিংরুমে, তামিম বললেন, ‘গ্লাভস জোড়া এখন তোর।’ মুশফিকও হাসিমুখে বললেন, ‘এই ব্যাট এখন তোরই প্রাপ্য...।’
দুই ব্যাটসম্যানের ঢাল-তলোয়ার নিয়ে লড়াইয়ে নেমে তাইজুলও হয়ে উঠেছিলেন যেন সত্যিকারের ব্যাটসম্যান। খুব বেশি নয়, রান করেছেন ১৫। কিন্তু পরিস্থিতি এই ইনিংসটিকেই করে তুলেছে মহামূল্য। ম্যাচসেরা হয়েছেন। দলকে এনে দিয়েছেন জয়ের অনির্বচনীয় স্বাদ। ওই ব্যাট আর গ্লাভসজোড়া নিজের দাবি করতেই পারেন!
প্রথম ইনিংসেও কিন্তু খেলেছিলেন গুরুত্বপূর্ণ এক ইনিংস। তাঁর ১৯ রানের ইনিংটিতেই শেষ পর্যন্ত লিড পেয়েছিল বাংলাদেশ। ১৪ রানের সেই সামান্য লিডই কাল হয়ে দাঁড়িয়েছিল অমূল্য। তখন ভাবতে পারেননি, দ্বিতীয় ইনিংসেও তাঁর ব্যাটের দিকে তাকিয়ে থাকবে দল। সত্যি বলতে, তাঁর ব্যাটিং নিয়ে এত কথা হচ্ছে, কালকের দিনে এটাই হতে পারে তাঁর আক্ষেপের কারণ। তাঁকে আবার ব্যাটিংয়ে নামতে হবে, এটাই তো ভাবতে পারেননি কাল দুপুরে!
লাঞ্চের পরপর এক হাতে বল, আরেক হাতে ক্যাপ উঁচিয়ে ধরে যখন ড্রেসিংরুমে ফিরছেন, তাইজুলের নাম তখন লেখা হয়ে গেছে ইতিহাসে। ছুটে এসে করমর্দন করে অভিনন্দন জানালেন যিনি, সেই সাকিব আল হাসানকে ছাড়িয়ে গড়ে ফেলেছেন বাংলাদেশের সেরা টেস্ট বোলিংয়ের কীর্তি। তাঁর অসাধারণ বোলিংয়ে বাংলাদেশের জয়ের লক্ষ্য তখন ১০১। তরুণ বাঁহাতি স্পিনার কী করে ভাবতে পারেন, ওই লক্ষ্যে ছুঁতেও তাঁকে ব্যাটিংয়ে নামানোর আয়োজন করতে যাচ্ছেন সতীর্থরা!
পারফরম্যান্সে যতটা উজ্জ্বল, মাইক্রোফোনের সামনে ততটা নয়। অনুভূতি প্রকাশে অকপট নন, এত নিচু স্বরে কথা বলেন যে কান খাড়া না করলে শোনা মুশকিল। যতটুকু বলেন, দুই-এক লাইনে সহজ ভাষায় সেরে ফেলেন। তাঁর বোলিংয়ের ভাষাটাও সহজ। আধুনিক স্পিনারদের মতো বৈচিত্র্যপিয়াসী নন, অনেকটাই প্রথাগত ঘরানার। একটা জায়গায় বোলিং করে যান টানা। ফ্লাইট দিতে কার্পণ্য নেই। কাল সিকান্দার রাজা যখন বেরিয়ে এসে ছয় মারলেন টানা দুই বলে, পরের বলটাও করলেন ফ্লাইট দিয়ে। পুরস্কারও মিলেছে উইকেট পেয়ে। সাধারণ থাকাটাই তাঁর বোলিং দর্শন। উইকেটে প্রাণ থাকলে এই বোলিংও যে কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটার প্রমাণ তো কাল মিলেছেই। আর্ম বল, জোরের ওপর করা বল ছিল না সম্ভবত একটিও। তাইজুলের টার্ন-বাউন্সেই হাপিত্যেশ করে মরেছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা।
অনুভূতি প্রকাশে ততটা সপ্রতিভ হয়তো নন, তবে ভালো লাগাটা জানাতে পারলেন ঠিকঠাক, ‘খুব ভালো লাগছে। প্রথম ইনিংসে খুব একটা ভালো করতে পারিনি। অনেক ভেবেছি সেটা নিয়ে। ইচ্ছে ছিল দ্বিতীয় ইনিংসে ভালো করার। জানতাম, এটা কঠিন লড়াইয়ের জায়গা। ভালো না করলে টেকা কঠিন। সফল হতে পেরে ভালো লাগছে।’
‘ভালো না করলে টেকা কঠিন’—এত দ্রুত তাঁর এই উপলিব্ধটাও চমকপ্রদ। মাত্র এক টেস্ট আগেই, টেস্ট অভিষেকে পেয়েছিলেন ৫ উইকেট। তৃতীয় টেস্টেই গড়ে ফেললেন রেকর্ড! তিন টেস্টে দুবার ৫ উইকেট পাওয়াও বাংলাদেশের রেকর্ড। একাধিকবার ৫ উইকেট পেতে মোহাম্মদ রফিক ও এনামুল জুনিয়রের লেগেছিল ৫ টেস্ট। সাফল্যের রহস্যটা জানালেন তাইজুলের অধিনায়ক মুশফিকুর রহিম, ‘এমনিতেই অনেক কষ্ট করে ও, অভিষেকের পর থেকে আরও করছে। ওর মধ্যে ভালো করার যে ক্ষুধাটা আছে, সেটাই ওর সাফল্যের বড় কারণ।’
জয় ধরা দেওয়ার পর মুশফিকই ছুটে গিয়ে একটি স্টাম্প তুলে এনে তাইজুলকে দিয়েছেন স্মারক হিসেবে রাখতে। তাইজুল নিজে নিয়ে রেখেছেন কালকের বল। অভিষেক টেস্টের বলটিও রেখে দিয়েছেন সযত্নে। স্বপ্ন দেখছেন, ক্যারিয়ার শেষ হতে হতে এমন অনেক স্মারক বলে ভরে উঠবে তাঁর শোকেস!
বাঁহাতি স্পিনে সেরা বোলিং
বিপক্ষ ভেন্যু সাল
৯/১২৭ রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা) পাকিস্তান এসএসসি ২০১৪
৮/১১ জনি ব্রিগস (ইংল্যান্ড) দক্ষিণ আফ্রিকা কেপটাউন ১৮৮৯
৮/৩৯ তাইজুল ইসলাম (বাংলাদেশ) জিম্বাবুয়ে মিরপুর ২০১৪
৮/৪৩ হেডলি ভেরিটি (ইংল্যান্ড) অস্ট্রেলিয়া লর্ডস ১৯৩৪
৮/৫১ ডেরেক আন্ডারউড (ইংল্যান্ড) পাকিস্তান লর্ডস ১৯৭৪