সানজামুলের একারই ৯ উইকেট

একজন রান আউট, ওয়ালটন মধ্যাঞ্চলের বাকি ৯ ব্যাটসম্যানই সানজামুল ইসলামের শিকার। বিসিএলে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি উত্তরাঞ্চলের এই বাঁহাতি স্পিনারের দুর্দান্ত বোলিংয়ে মধ্যাঞ্চল আজ হেরেছে ইনিংস ও ৫০ রানে।
প্রথম ইনিংসে ৩ উইকেটে ১২০ রান, মধ্যাঞ্চল দিনটা শুরু করেছিল এই স্কোর নিয়ে। সেই দলটাই আজ উইকেট হারাল ১৭টি। স্পিন-বিষে মধ্যাঞ্চলের ব্যাটসম্যানদের আজ পুরো দিনটা দুর্বিষহ করে তুলেছেন সানজামুল। দুই ইনিংস মিলিয়ে মধ্যাঞ্চলের যে ১৭ উইকেট পড়েছে তার ১১টিই সানজামুলের। দ্বিতীয় ইনিংসে ৮৬ রানে পেয়েছেন ৯ উইকেট। ম্যাচে পেয়েছেন ১৫০ রানে ১২ উইকেট। অসাধারণ এই বোলিংয়ের পরও রেকর্ড তালিকায় একটু নিচে থাকছেন সানজামুলের নাম।
প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশি বোলারদের মধ্যে ইনিংস-সেরা বোলিং সাকলাইন সজীবের। ২০১৪ সালের সেপ্টেম্বরে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ৮২ রানে ৯ উইকেট নিয়েছিলেন এ বাঁহাতি স্পিনার। আবদুর রাজ্জাকেরও ইনিংসে দুবার ৯ উইকেট আছে। একবার ৯ উইকেট আছে মোশাররফ রুবেলের।