সানজামুলের রেকর্ডের দিন

বেচারা সানজামুল!
রেকর্ড গড়েও তাৎক্ষণিকভাবে নিজের কীর্তির গৌরবটা করতে পারলেন না। শুধু সানজামুল কেন, বাংলাদেশের প্রায় সব গণমাধ্যমই কাল বিভ্রান্ত হলো স্কোরকার্ডের ভুলে। কাল চট্টগ্রামে বাংলাদেশ ক্রিকেট লিগে ওয়ালটন মধ্যাঞ্চলের দ্বিতীয় ইনিংসে ৮০ রানে ৯ উইকেট নিয়েছেন বিসিবি উত্তরাঞ্চলের বাঁহাতি স্পিনার। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ইনিংস সেরা বোলিং এটি। সানজামুল পেছনে ফেলেছেন সাকলাইন সজীবকে। ২০১৪ সালে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৮২ রানে ৯ উইকেট নিয়েছিলেন সাকলাইন।
কাল ম্যাচ শেষে স্কোরকার্ড দেখাল ৮৬ রানে ৯ উইকেট নিয়েছেন সানজামুল। যেটি প্রথম শ্রেণিতে বাংলাদেশের তৃতীয় সেরা বোলিং। রাতে অবশ্য সংশোধিত স্কোরকার্ড ৮০ রানই দেখাল সানজামুলের নামের পাশে। ম্যাচটির অনলাইন স্কোরার খায়রুল আনামও মুঠোফোনে নিশ্চিত করলেন ৮৬ নয়, ৮০ রানেই ৯ উইকেট সানজামুলের।
২৭ বছর বয়সী স্পিনার দ্বিতীয় ইনিংসে শুধু মধ্যাঞ্চলের ওপেনার আবদুল মজিদের উইকেটটাই পাননি। রানআউট হয়েই সানজামুলকে দশে দশ পেতে দিলেন না মজিদ। দ্বিতীয় ইনিংসে ২১৯ রানে অলআউট হয়ে বর্তমান চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল তিন দিনের মধ্যেই হেরেছে ইনিংস ও ৫০ রানে। অথচ দিনের শুরুতে বোঝা যায়নি ম্যাচটি শেষ হবে তিন দিনেই। ৩ উইকেটে ১২০ রান নিয়ে দিন শুরু করা মধ্যাঞ্চল প্রথম ইনিংসে ৪ উইকেটে তুলে ফেলেছিল ১৮৯ রান। সেখান থেকেই ৪৪ বলের মধ্যে ২৩৩ রানে অলআউট। ওই ইনিংসেও ৩ উইকেট সানজামুলের। তবে ৪ উইকেট নিয়ে প্রথম ইনিংসে উত্তরাঞ্চলের সেরা বোলার ফরহাদ রেজা। প্রথম ইনিংসে ৭ রানের জন্য সেঞ্চুরি পাননি মধ্যাঞ্চলের সাইফ হাসান। দ্বিতীয় ইনিংসে এক প্রান্ত ধরে রেখে সেঞ্চুরি পেয়েছেন নুরুল হাসান (১১১ বলে ১১৩)।
সানজামুলের দিনে সিলেটেও দাপট ছিল এক বাঁহাতি স্পিনারের। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের আবদুর রাজ্জাক ৪৪ রানে নিয়েছেন ৬ উইকেট। তিন দিনেই জিতেছে রাজ্জাকের দল। দ্বিতীয় ইনিংসে ২১৫ রানে অলআউট হয়ে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল হেরেছে ইনিংস ও ৪৪ রানে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও পূর্বাঞ্চলের সর্বোচ্চ রান আট নম্বর ব্যাটসম্যান আবুল হাসানের (৬৪)। এই ইনিংসে ৮ ওভারে ২৩ রান দিয়ে কোনো উইকেট পাননি পুনর্বাসন-প্রক্রিয়ায় থাকা জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমান।
সানজামুলের রেকর্ডের দিনে নতুন আরেকটি রেকর্ডও দেখেছে বাংলাদেশ ক্রিকেট লিগ। এবারের আগে প্রথম চার মৌসুমে ইনিংস ব্যবধানে কোনো ম্যাচের ফল নিষ্পত্তি হয়নি। এবার একই রাউন্ডে সেটি হলো দুবার।
সংক্ষিপ্তস্কোর
পূর্বাঞ্চল-দক্ষিণাঞ্চল, সিলেট
প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৯৬.৫ ওভারে ৪০৩ । ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল: ১৪৪ ও ৭৭.৩ ওভারে ২১৫ (আবুল হাসান ৬৪, অলক ৪৮, ইরফান ২৭, সাকলাইন ২৬; রাজ্জাক ৬/৪৪, সোহাগ ২/৬৬, রুবেল ১/৫৮)।
ফল: দক্ষিণাঞ্চল ইনিংস ও ৪৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: আবদুর রাজ্জাক।
উত্তরাঞ্চল-মধ্যাঞ্চল, চট্টগ্রাম
বিসিবি উত্তরাঞ্চল ১ম ইনিংস: ১৪১.১ ওভারে ৫০২ । ওয়ালটন মধ্যাঞ্চল: ৬১.১ ওভারে ২৩৩ (সাইফ ৯৩, নুরুল ৩৭, মার্শাল ২৭, শাহাদাত ২৬; ফরহাদ রেজা ৪/৩৮, সানজামুল ৩/৬৪, ইয়াসিন ২/৪৮) ও ৫৭.৪ ওভারে ২১৯ (নুরুল ১১৩, মার্শাল ৩২; সানজামুল ৯/৮০)।
ফল: উত্তরাঞ্চল ইনিংস ও ৫০ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সানজামুল ইসলাম।
প্রথম শ্রেণিতে বাংলাদেশিদের সেরা বোলিং
বোলার ম্যাচ ভেন্যু মৌসুম
৯/৮০ সানজামুল ইসলাম উত্তরাঞ্চল-মধ্যাঞ্চল চট্টগ্রাম ২০১৬-১৭
৯/৮২ সাকলাইন সজীব বাংলাদেশ ‘এ’-জিম্বাবুয়ে ‘এ কক্সবাজার ২০১৪-১৫
৯/৮৪ আবদুর রাজ্জাক খুলনা-চট্টগ্রাম বগুড়া ২০১২-১৩
৯/৯১ আবদুর রাজ্জাক খুলনা-ঢাকা মহানগর কক্সবাজার ২০১৩-১৪
৯/১০৫ মোশাররফ হোসেন বরিশাল-চট্টগ্রাম বরিশাল ২০০৪-০৫