সানাদের কাছে রুমানাদের হার
পাপুয়া নিউগিনিকে হারিয়ে দুর্দান্ত শুরু হলেও বিশ্বকাপ বাছাইপর্বে কাল হোঁচট খেয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। কলম্বোর পি সারা ওভালে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৬৭ রানে হেরেছেন রুমানারা।
ওপেনার শারমিন সুলতানার রানআউট দিয়ে শুরু, বলার মতো আর বড় জুটি বলতে তৃতীয় উইকেটে ফারজানা হক-সানজিদা ইসলামের ৩৪ রান। নাশরা সান্ধুর বলে ফারজানা (১৭) আউট হওয়ার পর আবারও উইকেট পতনের মিছিল। ৪৯.৩ ওভারে বাংলাদেশ অলআউট ১৬০ রানে। বাংলাদেশ দলের উইকেটকিপার-ব্যাটার নিগার সুলতানা করেছেন সর্বোচ্চ ৪১ রান।
সানা মীরের দল ওপেনিংয়েই তুলে ফেলে ৭৬ রান। নাহিদাকে আউট করে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন খাদিজাতুল কুবরা। ২ রানের মধ্যে ৩ উইকেট পড়লেও পাকিস্তান ঘুরে দাঁড়ায় চতুর্থ উইকেটে, নাইন আবিদি-বিসমাহ মারুফ গড়েন ৬৯ রানের জুটি। রুমানার শিকার হওয়ার আগে বিসমাহ করেন সর্বোচ্চ ৩৫ রান। তবে পাকিস্তান বড় রান পেয়েছে রাবিয়া শাহ-আলিয়া রিয়াজের ৪৯ রানের ষষ্ঠ উইকেট জুটিতে। শেষ ৩ ওভারে ১৫ রান তুলতেই পাকিস্তান হারিয়েছে শেষ ৫ উইকেট। পুরো ৫০ ওভারে খেলে তারা অলআউট ২২৭ রানে।
পাকিস্তান ওপেনিং জুটি থেকে যেখানে পেয়েছে ৭৬ রান, বাংলাদেশ পেয়েছে ২২। বাংলাদেশ অতিরিক্ত রান ৩১টি, পাকিস্তান দিয়েছে ঠিক উল্টো সংখ্যার ১৩। ম্যাচে ব্যবধান গড়ে উঠতে আর কী চাই? আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৫০ ওভারে ২২৭ (বিসমাহ ৩৫, আয়েশা ৩৪, রাবিয়া ৩৪, আলিয়া ৩১; রুমানা ৩/৪০, সালমা ২/৩৭, খাদিজা ২/৪৩, জাহানারা ১/২৭)। বাংলাদেশ: ৪৯.৩ ওভারে ১৬০ (শারমিন সুলতানা ৯, শারমিন আক্তার ১২, সানজিদা ৩৪, ফারজানা ১৭, রুমানা ৬, নিগার ৪১, সালমা ৪, শায়লা ৭, জাহানারা ২, পান্না ৯*, খাদিজা ৬; ফাতিমা ৩/২৮, সানা ২/১৯, সান্ধু ২/২৭, আয়মান ১/২১, জাভেরিয়া ১/২৯)।
ফল: পাকিস্তান ৬৭ রানে জয়ী।
ম্যাচসেরা: গোলাম ফাতিমা (পাকিস্তান)।