সানির 'খরগোশ' হাফিজ!

স্রেফ বোকা বনে গেলেন ‘প্রফেসর’ সাহেব। আরাফাত সানির আর্ম বল। খানিকটা এগিয়ে লেগ সাইডে সপাটে চালাতে চেয়েছিলেন মোহাম্মদ হাফিজ। মাত্রই উইকেটে এসেছেন। আগের দুই ম্যাচে রান পাননি বলে পাকিস্তানে তাঁর মুণ্ডুপাত চলছে। সেই চাপ থেকে বেরিয়ে আসতেই হয়তো শুরু থেকে আক্রমণাত্মক হতে চেয়েছিলেন। কিন্তু হাফিজের মনের কথা যেন সবচেয়ে ভালো পড়ে ফেলতে শিখে গেছেন সানি। পরিষ্কার বোল্ড!
ছেলেমানুষি ভুলের পর সবার চেহারা যেমনটা হয়, তেমনই হলো হাফিজের। রাজ্যের হতাশা নিয়ে সাজঘরের পথ ধরা হাফিজ পেছনে উদ্যাপনরত সানির দিকে ফিরে না তাকালেও তাঁর নামটা মনে গেঁথে গিয়েছে! এ সিরিজে হাফিজকে দুই অঙ্ক ছোঁয়ার আগেই নিয়মিত ফেরানোর ‘দায়িত্ব’ যে নিয়েছেন সানি। এই সিরিজে যে তিনবার আউট হয়েছেন, তিনটাই ছিল সানির ওভার!
ক্রিকেটে মজার একটা ‘টার্ম’ আছে-‘বানি’। যে ব্যাটসম্যান বারবার একই বোলারের কাছে আউট হন, তাঁকে বলা হয় ওই বোলারের বানি। মানে খরগোশ। হাফিজ আর সানির লড়াইটা মাত্রই শুরু। তবে তিনবারের সাক্ষাতে তিনবারই সানির ওভারে আউট হওয়াটা একটা প্রশ্ন তুলে দেয় বৈকি। হাফিজই কি তবে সানির বানি!
আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞা উঠে গেছে গতকালই। কিন্তু স্বস্তিতে থাকতে পারছেন কোথায়? স্বস্তির ভেতরই বিরাট অস্বস্তি নিদারুণ রান-খরা! তিন ম্যাচে ৮ রান! ৪, ০, ৪! সর্বশেষ দুই ম্যাচেই সানির বলে বোল্ড, একজন ব্যাটসম্যানের সর্বোচ্চ অপমানজনক আউট। প্রথম ম্যাচে রান আউট হয়েছেন। সেটিও সানির ওভারে। সানি এখন সতীর্থদের ‘নালিশ’ করতেই পারেন, কী দরকার ছিল রান আউট করার, আমি তো ছিলামই!
সানির বানি তিনি হয়ে উঠবেন কিনা, সেটা বলার জন্য আরও সময় পড়ে রইল। টি-টোয়েন্টি আর টেস্ট সিরিজ তো আছেই। বাংলাদেশ অবশ্য দল ঘোষণা করেনি এখনো। তবে মাত্র ২১.৮৩ গড় আর ৪.৩৬ ইকোনমিতে সিরিজে ৬ উইকেট নেওয়া সানি তাঁর দাবিটা জোরালো করেই রেখেছেন। এখন পর্যন্ত সিরিজের সেরা বোলার, ৪ উইকেট নেওয়া ওয়াহাব রিয়াজ তাঁকে পেরিয়ে যেতে পারেন। তবে বাংলাদেশের পক্ষে সিরিজের সেরা বোলার যে তিনি, তা তো নিশ্চিত।
বাংলাদেশের নির্বাচকেরা তাঁকে নেবেন বলেই মনে হচ্ছে। সর্বশেষ দুই টেস্টে ৪১৮ রান করা হাফিজকে ফেরাতে হবে না!
ক্রিকেটে ‘বানি’ ব্যাপারটি সবচেয়ে জনপ্রিয় করেছেন গ্লেন ম্যাকগ্রা। তাঁর বানি ছিলেন মাইক আথারটন। ১৭ টেস্টে ১৯ ইংলিশ ব্যাটসম্যানকে ফিরিয়েছিলেন ‘দ্য পিজন’। অস্ট্রেলীয় কিংবদন্তি পেসারের আরেক নিয়মিত শিকার ছিলেন ব্রায়ান লারা। ২২ টেস্টে ১৪ বার ম্যাকগ্রার শিকার হয়েছে ক্যারিবীয় কিংবদন্তি।
ওয়ানডেতে পাকিস্তান দলের বর্তমান কোচ ওয়াকার ইউনিসের বানি ছিলেন সনাৎ জয়াসুরিয়া। ৪৫ ম্যাচে জয়াসুরিয়াকে ১৩ বার ফিরিয়েছিলেন ওয়াকার। আবার ওয়াকারের সতীর্থ সাঈদ আনোয়ার ১২ বার শিকার হয়েছেন চামিন্ডা ভাসের। শেন ওয়ার্নের নিয়মিত শিকার হয়েছেন ড্যারিল কালিনান। অস্ট্রেলীয় কিংবদন্তি লেগ স্পিনারের ঘূর্ণিতে ২২ ম্যাচে ৮ বার ফিরেছিলেন কালিনান।
টেস্টে শচীন টেন্ডুলকারকে সর্বোচ্চ নয়বার আউট করেছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন, মুরালিধরন আউট করেছেন আটবার। ওয়ানডেতে টেন্ডুলকারকে নয়বার করে আউট করেছেন তিনজন। চামিন্ডা ভাস, ব্রেট লি আর শন পোলক।
কে জানে, হাফিজও সানির বানি হতে চলেছে কিনা!