সান্ত্বনাটুকুই পেল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড় দেরিতে জ্বলে উঠলেন উমর আকমল। ছবি: প্রথম আলো
বড় দেরিতে জ্বলে উঠলেন উমর আকমল। ছবি: প্রথম আলো

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এর চেয়ে ভালো প্রস্তুতি ম্যাচ আর হতে পারত না। প্রস্তুতি ম্যাচই তো! ম্যাচটার সঙ্গে এশিয়া কাপ লেবেল জড়িয়ে আছে, নতুবা এখানে জয়-হারে শ্রীলঙ্কা বা পাকিস্তান কোনো দলেরই তো কিছু যায় আসে না। লড়াই যা একটু আছে তা শুধু মর্যাদার, ক্রিকেটীয় দক্ষতার। পুরস্কারটা কেবলই সান্ত্বনা।
সান্ত্বনাটা শেষ পর্যন্ত পাকিস্তানের ভাগ্যেই জুটল। এশিয়া কাপের গুরুত্বহীন ম্যাচে লঙ্কানদের ৬ উইকেটে হারানোর তৃপ্তি নিয়েই ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে শহীদ আফ্রিদির দল।
টি-টোয়েন্টিতে এ নিয়ে ১৫ বার মুখোমুখি হলো দুই দল। কিন্তু এর আগে কোনো শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ এত অগুরুত্বপূর্ণ ছিল? এশিয়া কাপের দুই ফাইনালিস্টই নির্ধারিত হয়ে যাওয়ায় যে এই ম্যাচটা নিয়ে আগ্রহ ছিল খুব কমই। তবে এই ‘ডেড রাবার’ ম্যাচটাই এবারের এশিয়া কাপে একটা ‘প্রথমে’র মুখ দেখাল। ওপেনিংয়ে প্রথম সেঞ্চুরি জুটি। দীনেশ চান্ডিমাল ও তিলকারত্নে দিলশানের এই শতরানের জুটিতে ভর করেই পাকিস্তানের সামনে ১৫১ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে শ্রীলঙ্কা।
লক্ষ্যটা বেশ অনায়াসেই টপকে গেছে পাকিস্তান। তবে যে বিষয়টি এর চেয়েও বেশি স্বস্তি দেবে তাদের, সেটি হলো দলের প্রায় সবাই কমবেশি রান পেয়েছেন। প্রথম চার ব্যাটসম্যানের মধ্যে তিনজনেরই ত্রিশ পেরোনো ইনিংস, শুধু মোহাম্মদ হাফিজই পারলেন না। দলীয় ২৩ রানে এই ওপেনার আউট হওয়ার পরও পাকিস্তানের জয় যে একটা মুহূর্তের জন্যও সংশয়ে পড়েনি, তার কৃতিত্বটা তরুণ শারজিল-সরফরাজ-উমরদের। তিনজনই টি-টোয়েন্টির দাবি মেনে স্ট্রাইক রেট ১২০-এর ওপরে রেখে খেলে গেছেন। তবে উমরের একটু আক্ষেপ থাকতে পারে। জয় থেকে ১ ও তাঁর ব্যক্তিগত ফিফটি থেকে ২ রান দূরে যে আউট হয়ে গেছেন।
এর আগে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন আফ্রিদি। হয়তো আশা ছিল, বোলাররা অল্প রানেই বেঁধে ফেলবেন লঙ্কানদের। কিন্তু সে আশায় গুড়ে বালি। শ্রীলঙ্কার দুই ওপেনার মাত্র ১৪ ওভারেই করেছেন ১১০ রান! কিন্তু ১৫তম ওভারের প্রথম বলেই চান্ডিমাল ৫৮ করে আউট হয়ে যেতেই একটু গতি হারাল লঙ্কান ইনিংস। আরও বড় স্কোরের সম্ভাবনা হারিয়ে গেল শ্রীলঙ্কা শেষ ৬ ওভারে মাত্র ৪০ তোলায়। হাতে ৬ উইকেট রেখেও স্লগ ওভারের সুবিধা নিতে পারেনি লঙ্কানরা।
লঙ্কানদের ব্যর্থতার চেয়ে পাকিস্তানি বোলারদের কৃতিত্বটাই বেশি। পেসার মোহাম্মদ ইরফান খুবই কিপ্টে বোলিং করলেন, সতীর্থরা যখন রান দেওয়ার মিছিলে। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট। বাকি সবাই কম-বেশি দিলশানের অত্যাচার সহ্য করেছেন। ৫৬ বলে ৭৫ রানের ইনিংস খেলার পথে যে পাকিস্তানের সব বোলারকেই অত্যাচার করে ১০টি চার ও এক ছয় মেরেছেন দিলশান। পাকিস্তানের পক্ষে ইরফান ছাড়া একটি করে উইকেট পেয়েছেন ওয়াহাব রিয়াজ ও শোয়েব মালিক।