সান্ত্বনার আশায় সেন্ট কিটসে

সেন্ট কিটস—সান্ত্বনা খুঁজে নেওয়ার দ্বীপ। নতুন করে শুরুরও কি?
পরশু সকালে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই দল একই ভাড়া করা বিমানে উড়ে এসেছে এই দ্বীপরাষ্ট্রে। গ্রেনাডাতেই সিরিজ হার নিশ্চিত হয়ে যাওয়ার পর আজ এখানকার ওয়ার্নার পার্কে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। দিবারাত্রির ম্যাচ। স্বাগতিকদের জন্য যেটি বাংলাদেশকে ধবলধোলাই করার উপলক্ষ। আর বাংলাদেশের জন্য হতে পারে সান্ত্বনা খুঁজে নেওয়ার এক ম্যাচ।
সঙ্গে নতুন করে শুরুর ম্যাচও বলতে পারেন। সেটা এই কারণে যে, গত ম্যাচে ৭০ রানে অলআউট হয়ে গিয়ে সিরিজ হারের গ্লানি মুশফিকুর রহিম ফেলে দিয়ে এসেছেন আটলান্টিক মহাসাগরে। গ্রেনাডা থেকে উড়াল দেওয়ার আগেই বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘শেষ ম্যাচে আমাদের অবশ্যই জয়ের লক্ষ্য থাকবে।’
প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে বাগে পেয়েও টুঁটি চেপে ধরা যায়নি। আর দ্বিতীয় ম্যাচে তো বাংলাদেশই ডুবল ৭০ রানে অলআউটের লজ্জায়! শেষ ম্যাচ নিয়ে তার পরও অত বড় আশার কথা কী করে শোনাতে পারছেন মুশফিক? তিনি নিজেও বোধ হয় জানতেন প্রশ্নটা উঠবে। সে কারণেই যোগ করলেন, ‘এই আশা নিয়ে যদি খেলতে না যাই তাহলে তো সব আরও কঠিন হয়ে পড়বে।’
কথাটা ভুল নয়। এ রকম পরিস্থিতিতে এ ছাড়া যে আর উপায়ও থাকে না অধিনায়কের! হারতে হারতে দেয়ালে পিঠ ঠেকে গেলেও বলতে হয় ঘুরে দাঁড়ানোর কথা, তা সেটা তিনি মন থেকে বিশ্বাস করুন আর না-ই করুন। মুশফিক অবশ্য মনে হলো কথাটা বিশ্বাস নিয়েই বলেছেন। যদিও সঙ্গে শর্ত জুড়ে দিয়েছেন, ‘আগে মৌলিক কাজগুলো ঠিকভাবে করতে হবে। ওপরের দিকের ছয় ব্যাটসম্যানকে ৫০ ওভার ব্যাটিং করে আসতে হবে। এটা হলে আশা করি যেকেনো উইকেটে আমরা ২৫০-এর বেশি রান করতে পারব।’
টপ-মিডল অর্ডারকে অনেক বড় দায়িত্ব দিয়ে দিলেন অধিনায়ক। গত দুই ম্যাচে এক এনামুল হকের (বিজয়) সেঞ্চুরিটা ছাড়া যেখান থেকে আর কিছুই আসেনি, তাদের কাছে চাইছেন পুরো ৫০ ওভারের ব্যাটিং! হতেও পারে। সেন্ট কিটসের উইকেট নাকি গ্রেনাডার চেয়েও ব্যাটিং-সহায়ক। বাংলাদেশি ব্যাটসম্যানদের জন্য এটা সন্দেহাতীতভাবেই সুখবর। আর ওয়েস্ট ইন্ডিজের জন্য? উইকেট দেখে মাঠে নামার আগেই না ক্যারিবীয় নৃত্য শুরু করে দেন ক্রিস গেইল-কাইরন পোলার্ডরা!
ওয়েস্ট ইন্ডিজে আসার পর থেকে এখন পর্যন্ত ব্যাটসম্যানদের তুলনায় বাংলাদেশের বোলাররাই বেশি সফল। প্রধান কোচ, সঙ্গে ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে দলের ব্যাটসম্যানদের দায়িত্বও চন্ডিকা হাথুরুসিংহের ওপর বর্তায়। কিন্তু ব্যাটসম্যানদের গুছিয়ে আনার কাজে এখন পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষাতেই ব্যস্ত তিনি, পাননি সাফল্যের দেখা। সে তুলনায় পেস বোলারদের সঠিক লাইন-লেংথে আনার কাজটাতে মনে হচ্ছে ভালোই এগিয়েছেন বোলিং কোচ হিথ স্ট্রিক। কিন্তু শুধু বোলিং ভালোই হলেই কি আর হয়! শেষ ওয়ানডেতে মুশফিক তাই সবার কাছ থেকেই আশা করছেন ভালো কিছু, ‘হারি বা জিতি পরের ব্যাপার। তবে বোলিং-ব্যাটিং-ফিল্ডিংয়ের মৌলিক বিষয়গুলো যেন ঠিক থাকে। সামনে টেস্ট, টি-টোয়েন্টি অনেক খেলা আছে। সেগুলোতেও যেন ধারাবাহিকভাবে ভালো খেলতে পারি।’
প্রথম ওয়ানডের দল থেকে দ্বিতীয় ওয়ানডের দলে পরিবর্তন ছিল একটাই। পেসার তাসকিন আহমেদের জায়গায় এসেছিলেন বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক। আজ শেষ ওয়ানেডতে পরিবর্তন আসবে ব্যাটিংয়েও। ইমরুল কায়েস নাকি শামসুর রহমানের পরিবর্তে, সেটি এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া না গেলেও আজ একাদশে দেখা যেতে পারে ব্যাটসম্যান মুমিনুল হককে।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে এর আগে একটাই ওয়ানডে খেলেছে বাংলাদেশ। ২০০৯-এর ৩১ জুলাইয়ের সে ম্যাচে সাকিব আল হাসানের দল জিতেছিল ৩ উইকেটে। এক দিন পর সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিও হয়েছিল ওয়ার্নার পার্কেই। সেটাতে অবশ্য বাংলাদেশ ৫ উইকেটে হেরে গিয়েছিল। এবারের সূচিটাও একই রকম। সেন্ট কিটসে বাংলাদেশ দল এসেছে সিরিজের তৃতীয় ওয়ানডে এবং একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলতে। পার্থক্য শুধু এই—২০০৯-এর আসাটা ছিল প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ জয়ের প্রেরণা নিয়ে। আর এবার সঙ্গী হলো সিরিজ হার, সঙ্গে লজ্জাজনক ব্যাটিংয়ের হতাশাও।