সান্ত্বনার খোঁজে পাকিস্তান-শ্রীলঙ্কা

এর আগে কোনো শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ এত অগুরুত্বপূর্ণ ছিল? উত্তরটা ভেবে দেখার মতো। এশিয়া কাপের দুই ফাইনালিস্টই নির্ধারিত হয়ে যাওয়ায় যে এই ম্যাচটা নিয়ে আগ্রহ খুব কমই ছিল।
তবে এই ‘ডেড রাবার’ ম্যাচটাই এবারের এশিয়া কাপে একটা ‘প্রথমে’র মুখ দেখাল। ওপেনিংয়ে প্রথম সেঞ্চুরি জুটি। দীনেশ চান্ডিমাল ও তিলকারত্নে দিলশানের এই শতরানের জুটিতে ভর করেই পাকিস্তানের সামনে ১৫১ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে শ্রীলঙ্কা।
টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি। হয়তো আশা ছিল, বোলাররা অল্প রানেই বেঁধে ফেলবেন লঙ্কানদের। কিন্তু সে আশায় গুড়ে বালি। শ্রীলঙ্কার দুই ওপেনার মাত্র ১৪ ওভারেই করেছেন ১১০ রান! কিন্তু ১৫তম ওভারের প্রথম বলেই চান্ডিমাল ৫৮ করে আউট হয়ে যেতেই একটু গতি হারাল লঙ্কান ইনিংস। আরও বড় স্কোরের সম্ভাবনা হারিয়ে গেল শ্রীলঙ্কা শেষ ৬ ওভারে মাত্র ৪০ তোলায়। হাতে ৬ উইকেট রেখেও স্লগ ওভারের সুবিধা নিতে পারেনি লঙ্কানরা।
লঙ্কানদের ব্যর্থতার চেয়ে পাকিস্তানি বোলারদের কৃতিত্বটাই বেশি। পেসার মোহাম্মদ ইরফান খুবই কিপ্টে বোলিং করলেন, সতীর্থরা যখন রান দেওয়ার মিছিলে। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট। বাকি সবাই কম-বেশি দিলশানের অত্যাচার সহ্য করেছেন। ৫৬ বলে ৭৫ রানের ইনিংস খেলার পথে যে পাকিস্তানের সব বোলারকেই অত্যাচার করে ১০টি চার ও এক ছয় মেরেছেন দিলশান। পাকিস্তানের পক্ষে ইরফান ছাড়া একটি করে উইকেট পেয়েছেন ওয়াহাব রিয়াজ ও শোয়েব মালিক।
এই দুই দলই বাংলাদেশের কাছে হেরেছে। পাকিস্তানকে হারিয়ে তো একই ঢিলে দুই শিকার করেছে বাংলাদেশ—এই দুই দলকেই ছিটকে দিয়ে। এবার জয় দিয়ে শেষটা টানার সান্ত্বনা কোন দল পায়, সেটিই দেখার।