সান্ত্বনার জয় পেল ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচসেরা রুট। ছবি: রয়টার্স
ম্যাচসেরা রুট। ছবি: রয়টার্স

‘শেষ ভালো যার সব ভালো তার’—অ্যালিস্টার কুক এ ভেবে সান্ত্বনা নিতে পারেন! তবে তা হবে কেবলই সান্ত্বনা। কারণ, ইংল্যান্ড সিরিজ খুইয়েছে আগের ম্যাচেই। ভারতের বিপক্ষে ইংলিশদের আজকের ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতা। তবুও সিরিজের শেষ ওয়ানডেতে ভারতকে ৪১ রানে হারিয়ে সিরিজ হারার ক্ষতে কিছুটা প্রলেপ পেতে পারে ইংলিশরা!
ইংল্যান্ডের দেওয়া ২৯৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ল ধোনির দল। দলের স্কোরকার্ডে এক রান যোগ না হতেই ফিরে গেলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অজিঙ্কা রাহানে। ব্যাটিং বিপর্যয়ের মধ্যে আম্বাতি রাইডুর ব্যাট থেকে এল ৫৩। তবে ভারতের পক্ষে সর্বোচ্চ ৮৭ (৬৮ বলে) করেছেন সাত নম্বরে নামা রবীন্দ্র জাদেজা। শেষ দিকে জাদেজার ঝোড়ো ইনিংস দর্শকদের বেশ বিনোদিতই করেছে। ফিনের বলে শেষ উইকেট হিসেবে জাদেজা ফিরলে ভারত অলআউট হয় ২৫৩ রানে।  
সিরিজে টানা তিন ম্যাচ টসে জিতলেন মহেন্দ্র সিং ধোনি। যথারীতি আজও ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠালেন ভারত অধিনায়ক। আজ অবশ্য ইংলিশ ব্যাটসম্যানদের ব্যাট বেশ ভালোভাবেই কথা বলেছে। জো রুটের ১১৩ রানের সুবাধে চ্যালেঞ্জিং স্কোর পায় ইংল্যান্ড।  বাটলার-রুটের পঞ্চম উইকেট জুটিতে আসে ১০৮ রান। নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২৯৪।
ম্যাচ সেরা হয়েছেন রুট আর সিরিজ সেরা সুরেশ রায়না।