সান্ত্বনার জয়, না ধবলধোলাই?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জন্য কি দুঃস্বপ্ন হয়েই থাকবে নিউজিল্যান্ড সিরিজ? টেস্টের আগে নিজেদের ফিরে পাওয়ার শেষ সুযোগটা কাজে লাগাতে পারবে বাংলাদেশ? নাকি পরপর দুবার ‘বাংলাওয়াশে’ অপমানিত নিউজিল্যান্ড এবার ‘উপহার’ দেবে ৬-০-এর পাল্টা জ্বালা?

সিরিজের সব ম্যাচেই হার বাংলাদেশ সর্বশেষ দেখেছে ২০১৪ ওয়েস্ট ইন্ডিজ সফরে। এরপর টানা সাতটি দ্বিপক্ষীয় সিরিজের ছয়টিতেই জয়। সর্বশেষ ইংল্যান্ড সিরিজে হারলেও তাতে জয় ছিল একটি ওয়ানডেতে। মাশরাফির নেতৃত্বে গত দুই বছরের মধ্যে নিউজিল্যান্ডেই সবচেয়ে বাজে সিরিজ কাটাচ্ছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারের পর এই প্রথম হেরেছে ওয়ানডেতে, হোয়াইটওয়াশের মুখে টি-টোয়েন্টিতেও। এই সিরিজের পর ২০ ওভারের ক্রিকেটকে বিদায় জানানোর যে পরিকল্পনা তিনি সতীর্থদের সঙ্গে করেছেন বলে খবর, সেটি ঠিক হলে আজ শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়টা খুব জরুরি। ম্যাচটা জেতা দরকার মাশরাফির জন্যই।

টি-টোয়েন্টি সিরিজ শেষ করে আগামীকাল ওয়েলিংটনে যাবে বাংলাদেশ দল। বেসিন রিজার্ভে প্রথম টেস্ট ১২ জানুয়ারি থেকে। ওয়ানডে, টি-টোয়েন্টিতে অনুকূল কন্ডিশন আর ব্যাটিং উইকেট পেয়েও শুধু হতাশা উপহার দিয়েছে মাশরাফির দল। টেস্টের উইকেট নিশ্চিতভাবেই সে রকম হবে না।

কিউই পেসারদের কথা ভেবেই হবে সেটার রেসিপি। কঠিন সে সময়ে পড়ার আগে সীমিত ওভারের ক্রিকেট থেকে কিছু একটা নিয়ে যেতে হলেও আজ জয় চাই। তামিম ইকবালও কাল বলছিলেন, যেকোনো ফরম্যাটের একটা জয়ই পারে হারের ধাক্কায় ক্লান্ত দলটাকে চাঙা করতে। সেই জয় কি আজ পাবে বাংলাদেশ?

বাংলাদেশ দলের ওপর নিউজিল্যান্ডের গোপন রাগ থাকাটা অস্বাভাবিক নয়। ২০১৩ ও ২০১০ সালে সর্বশেষ দুটি বাংলাদেশ সফরেই হোয়াইটওয়াশ হতে হয়েছে তাদের। এরপর এবারই প্রথম বাংলাদেশ দলকে দেশের মাটিতে পেয়ে কেন ছাড়বে তারা? কিউইরা ভদ্র জাতি বলেই হয়তো এখন পর্যন্ত মুখ ফুটে ‘প্রতিশোধ’ শব্দটা উচ্চারণ করেনি। তবে মাঠে জবাব ঠিকই দিচ্ছে। বে ওভালে জবাবটা তারা ৬-০-তেই সম্পন্ন করতে চাইবে। এরপর টেস্ট তো আছেই। আনুষ্ঠানিকতা রক্ষার এই ম্যাচ তাই বাংলাদেশ দলের জন্য কয়েক রকম অর্থ বহন করছে।

ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজজুড়েই কিছু সমস্যা প্রকট হয়ে ধরা পড়েছে। বাজে ফিল্ডিং, ভালো শুরু করেও ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলতে না পারা এবং স্পিনারদের ব্যর্থতা মিলিয়ে কোনো বিভাগেই আসলে নিজেদের সেরাটা দেখাতে পারেনি বাংলাদেশ। সিরিজ হার নিশ্চিত হয়ে যাওয়ার পর আজ কিছুই না পাওয়ার ম্যাচে অন্তত এই ভুলগুলো শুধরে নেওয়া যায়। টেস্টের আগের সর্বশেষ স্মৃতিটা তাহলেই একটু রঙিন হবে। লাল বল-সাদা পোশাকের ক্রিকেটে কন্ডিশন জয়ের সাহসটা বড় বেশি জরুরি। তার আগে দৃশ্যমান সাফল্য সে জন্যই বেশি কাঙ্ক্ষিত।

টেস্টের আগে নিউজিল্যান্ড দল আজ কয়েকজনকে বিশ্রাম দিতে পারে। তবে বাংলাদেশ দলে কাল রাত পর্যন্ত পরিবর্তন হওয়ার কথা একটাই, পেসার মোস্তাফিজুর রহমানের জায়গায় দলে ঢুকবেন তাসকিন আহমেদ। প্রথম দুই ওয়ানডেতে দলে থাকলেও শেষ ওয়ানডেতে ফিজিও ডিন কনয়ের পরামর্শেই বিশ্রাম দেওয়া হয় মোস্তাফিজকে। তবে আজও তাঁকে বিশ্রাম দেওয়ার ব্যাপারে ফিজিওর কোনো নির্দেশনা আছে বলে শোনা যায়নি। হয়তো মোস্তাফিজের চোটের ব্যাপারে কোনো ঝুঁকি না নিতেই এই ব্যবস্থা। তা ছাড়া দ্বিতীয় ওয়ানডেতে বাউন্ডারি থেকে থ্রো করে কাঁধে সামান্য ব্যথা পাওয়ায় ফিটনেস নিয়ে মোস্তাফিজ নিজেও এখন বাড়তি সতর্ক।

বে ওভালের ঐচ্ছিক অনুশীলনে কাল মোস্তাফিজসহ টি-টোয়েন্টি স্কোয়াডের বেশির ভাগ সদস্যই আসেননি। যাঁরা এসেছেন তাঁদের মধ্যে সৌম্য সরকারকে নিয়েই কৌতূহল ছিল সবার। রানখরায় ভুগতে থাকা সৌম্য আগের ম্যাচেই দিয়েছেন ফিরে আসার বার্তা। ২৬ বলে ৩৯ রানের ছোট্ট এই ইনিংস তাঁকে পুরো সন্তুষ্টি দেবে না জানা কথা। অতৃপ্তি সৌম্যের কণ্ঠেও, ‘আমার আরও থাকা উচিত ছিল। আমি যদি ১৫-১৬ ওভার পর্যন্ত খেলে আসতে পারতাম, আমাদের সম্ভাবনা আরও বাড়ত।’

শেষ টি-টোয়েন্টিতে সেই অতৃপ্তি দূর করার আরেকটা সুযোগ পাচ্ছেন সৌম্য। সঙ্গে বাংলাদেশ দলের সামনেও সুযোগ আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচ থেকে সান্ত্বনার জয় তুলে নেওয়ার। টেস্ট সিরিজের আগে সেটাও হবে অনেক।