সাফল্যহীন একটা দিন

মুরলি বিজয়ের একটু আফসোস থাকতেই পারে দিন শেষে। কেন তিনি শিখর ধাওয়ানের মতো ব্যাট চালাতে পারেন না। ওপেনিং-সঙ্গীর মতো আগ্রাসী ঢংয়ে ব্যাট চালাতে পারলে হয়তো সেঞ্চুরিটা নিয়েই হোটেলে ফিরতে পারতেন তিনি। সেটা অবশ্য হয়নি। শিখর ধাওয়ানের মতো সেঞ্চুরি পাননি মুরলি বিজয়। ফতুল্লা টেস্টের প্রথম দিনে বাংলাদেশের একমাত্র ‘সাফল্য’ বলতে এটিই। মুরলিকে সেঞ্চুরি থেকে বঞ্চিত রাখা!
অবতরণিকাটি কি খুব বেশি নাটকীয় হয়ে গেল? নাটকীয় অবতরণিকা ছাড়া আর উপায় কী বলুন। ফতুল্লার প্রথম দিনে যে নাটক-ফাটক কিছুই হলো না। হবে কীভাবে! বাংলাদেশের বোলাররা যেকোনো চাপই তৈরি করতে পারলেন না ভারতের দুই উদ্বোধনী ব্যাটসম্যানের ওপর। তাঁরা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ওপেনিং-জুটির রেকর্ডটা তো গড়লেনই, সেই সঙ্গে বাংলাদেশকে বুঝিয়ে দিলেন সীমিত সামর্থ্যের বোলিং শক্তি নিয়ে আসলে টেস্ট ম্যাচে এর চেয়ে বেশি আশা করা যায় না।
প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ২৩৯। ধাওয়ান তিন অঙ্ক ছুঁয়েছেন। ১৫০ রানের (১৫৮ বলে) যে ইনিংসটি খেলেছেন, সেটা আগাগোড়াই ছিল আগ্রাসনের চাদরে মোড়া। দিন শেষে বলের অঙ্কটা রানের চেয়ে একটু বেশি হলেও প্রায় গোটা দিনই বলের হিসাবকে পেছনে ফেলে ছুটেছেন তিনি। ২১টি চারে সাজানো এই ইনিংসটি তাঁর ক্যারিয়ারের তৃতীয় শতক। মুরলির ব্যাট থেকে এসেছে ৮৭ রান। দিনের একমাত্র ছক্কাটি অবশ্য মেরেছেন তিনিই। ধাওয়ানের মতো হতে পারেননি ঠিকই। কিন্তু তাঁর ইনিংসটিতে ছিল টেস্ট ব্যাটিংয়ের আদর্শস্বরূপ। ১৭৮ বল খেলে অত্যন্ত ঠান্ডা মাথায় তিনি তাঁর ইনিংসটি সাজান।
বন্ধ্যা এই দিনে অবশ্য বাংলাদেশ তাদের ক্যাচ ফেলার পুরোনো অভ্যেসটি ছাড়তে পারেনি। তাইজুলের বলে মিডউইকেটে ক্যাচ দিয়েছিলেন সেঞ্চুরিয়ান ধাওয়ান। কিন্তু ক্যাচটি ফেলে দেন শুভাগত হোম।
দিনের শুরুতেই অবশ্য সবাইকে চমকে দিয়েছিল বাংলাদেশ। একাদশে পেসার মাত্র একজন! মোহাম্মদ শহীদ। জীবনের মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা খেলোয়াড়টি নেতৃত্ব দিলেন নতুন বলের আক্রমণে। শহীদকে এই আক্রমণে সঙ্গ দিলেন কে জানেন? সৌম্য সরকার। যিনি দেশের একজন তরুণ-উদীয়মান ও প্রতিভাবান ব্যাটসম্যান হিসেবে পরিচিত। কিন্তু নির্বাচকেরা যে তাঁর বোলিং প্রতিভাকে সামনে নিয়ে আসতে এমন ব্যতিব্যস্ত হয়ে পড়বেন, সেটা কী তিনি আগে ভেবেছিলেন।
সাকিব আল হাসানের সঙ্গে স্পিনার ছিলেন তাইজুল ইসলাম ও জুবায়ের হোসেন। আর ছিলেন শুভাগত হোম। হ্যাঁ, শুভাগত তো অফস্পিনার হিসেবেই পরিচিত।
তিন স্পিনারের সঙ্গে শহীদ-সৌম্য আর অকেশনাল ইমরুল মিলে ভারতকে ওয়ানডে গতিতে রান দিয়েছেন। বৃষ্টির বাগড়ার কারণে আজ গোটা দিনে খেলা হয়েছে ৫৬ ওভার। এই সময়ে স্কোরবোর্ডে ভারতের সংগ্রহ (২৩৯) এসেছে ৪.২৬ গড়ে। কাল বোলিংয়ের অবস্থা একই রকম থাকলে ফতুল্লা টেস্টে বাংলাদেশের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে, তা সহজেই অনুমেয়।